Logo

সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা দক্ষিণে ই-রিকশা নিবন্ধন শুরু, ৩ নভেম্বর থেকে ফরম বিতরণ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর, ২০২৬, ১৮:০৮
সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা দক্ষিণে ই-রিকশা নিবন্ধন শুরু, ৩ নভেম্বর থেকে ফরম বিতরণ
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার স্বল্পগতির রিকশা বা ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরানো, যানজট কমানো এবং নিরাপদ নগর পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল ৩ নভেম্বর থেকে প্রতিটি ১০০ টাকা মূল্যে নিবন্ধনের আবেদন ফরম বিতরণ করা হবে।

বিজ্ঞাপন

নগর ভবন ও ডিএসসিসির সব আঞ্চলিক কার্যালয় থেকে ফরম সংগ্রহ করা যাবে। স্থানীয় সরকার বিভাগের জারি করা ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ অনুসরণ করে নিবন্ধন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সোমবার (২ নভেম্বর) নগর ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ই-রিকশা চলাচলে শৃঙ্খলা আনা এবং নগরবাসীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নতুন বিধিমালা অনুযায়ী নিবন্ধন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, শুধু আবেদন ফরম সংগ্রহ করলেই নিবন্ধন পাওয়া যাবে না। নির্ধারিত শর্ত পূরণ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি মানদণ্ড অনুসরণ এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে উপযুক্ত যানবাহনকে নিবন্ধন সনদ দেওয়া হবে। পর্যায়ক্রমে সব ই-রিকশাকে নিয়মের আওতায় এনে অননুমোদিত ও অনুপযুক্ত যানবাহনের সংখ্যা কমানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

বিজ্ঞাপন

আবেদনকারীর যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র

নিবন্ধনের আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। নির্ধারিত ফি জমা দিয়ে আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে—

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি, ফি জমার মূল রসিদ, নির্ধারিত ফরমে ফিটনেস সনদ, বুয়েটের কারিগরি ছাড়পত্র বাধ্যতামূলক।

বিজ্ঞাপন

আবেদন ও কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি বুয়েটের নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড এবং নিরাপত্তাবৈশিষ্ট্য অনুযায়ী ই-রিকশার উপযুক্ততা পরীক্ষা করতে হবে। নিবন্ধনের জন্য কারিগরি ছাড়পত্র গ্রহণও বাধ্যতামূলক।

এক এনআইডিতে সর্বোচ্চ পাঁচটি আবেদন

একজন ব্যক্তি তার একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন এবং পাঁচটি ই-রিকশার নিবন্ধন নিতে পারবেন। তবে ফরম সংগ্রহ বা আবেদন জমা দেওয়ার মাধ্যমে নিবন্ধন নিশ্চিত হবে না। নির্ধারিত সব মানদণ্ডে উত্তীর্ণ যানবাহনকেই সনদ দেওয়া হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ডিএসসিসি এলাকাকে চারটি জোনে ভাগ করে ই-রিকশার রুট নির্ধারণ ও সংখ্যা নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে। ট্রাফিক পুলিশ এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে জোনভিত্তিক ব্যবস্থাপনা কার্যকর করা হবে।

নতুন বিধিমালা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি এলাকায় পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও জনবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে বলে আশা করছে সিটি করপোরেশন। এ কার্যক্রমে নগরবাসী ও সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতাও চেয়েছে কর্তৃপক্ষ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD