Logo

মহাপরিচালকের উদ্যোগে দায়িত্ব পালনকালে নিহত আনসার সদস্যের ঋণ পরিশোধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর, ২০২৬, ১৮:২৫
মহাপরিচালকের উদ্যোগে দায়িত্ব পালনকালে নিহত আনসার সদস্যের ঋণ পরিশোধ
ছবি: সংগৃহীত

দায়িত্ব পালন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারানো আনসার ব্যাটালিয়নের সিপাহি জয় গাইনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে নিহত এই সদস্যের ব্যাংকঋণের পুরো অর্থ পরিশোধ করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) তাঁর স্ত্রী মণিষা বিশ্বাসের হাতে ৪ লাখ ২১ হাজার ৭৬৩ টাকার চেক তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

গত ১২ মার্চ ২০২৬ সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের (৩০ বিএন) সিপাহি জয় গাইন। তিনি স্ত্রী মণিষা বিশ্বাস এবং দুই সন্তান রেখে যান। মৃত্যুর সময় বড় সন্তানের বয়স ছিল তিন বছর, আর ছোটটির মাত্র সাত মাস।

স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে কঠিন পরিস্থিতিতে পড়েন মণিষা। এর মধ্যে পরিবারের ওপর চাপ হয়ে দাঁড়ায় ব্যাংকের ৪ লাখ ২১ হাজার ৭৬৩ টাকার ঋণ। আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের আওতায় ৪ লাখ ১৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন জয় গাইন। সুদসহ ঋণের পরিমাণ দাঁড়ায় ৪ লাখ ২১ হাজার ৭৬৩ টাকা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মণিষা বিশ্বাসের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দপ্তরে তাঁর হাতে ঋণ পরিশোধের পুরো অর্থের চেক তুলে দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন বাহিনীর পরিচালক (ওয়েলফেয়ার) এনামুল খাঁন। মহাপরিচালকের এ উদ্যোগে জয় গাইনের পরিবার ব্যাংকঋণের দায় থেকে মুক্তি পেল। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দায়িত্ব পালনকালে প্রাণ হারানো সদস্যের পরিবারের প্রতি সহায়তার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় থাকা মণিষা বিশ্বাসের জন্য ঋণ পরিশোধের এই সহায়তা বড় স্বস্তি হয়ে এসেছে। সহকর্মীকে হারানোর পর তাঁর পরিবারের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মানবিক সহায়তার দৃষ্টান্ত স্থাপন করেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD