নিউ মার্কেটের ফুটপাত দখলমুক্ত করে গাছ লাগালো ডিএসসিসি

রাজধানীর নিউ মার্কেট এলাকার ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। একই সঙ্গে দখলমুক্ত ফুটপাতে পুনরায় অবৈধ স্থাপনা বসানো ঠেকাতে ফুল ও সৌন্দর্যবর্ধক গাছের টব স্থাপন করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টা থেকে এ অভিযান শুরু হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
অভিযানের আওতায় নীলক্ষেত মোড়সংলগ্ন নিউ মার্কেটের ১ নম্বর গেট থেকে চন্দ্রিমা সুপার মার্কেটসংলগ্ন ৪ নম্বর গেট পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়। পাশাপাশি প্রিয়াঙ্গন সুপার মার্কেট থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত সড়কও অবৈধ দখল থেকে মুক্ত করা হয়।
পরবর্তী সময়ে এসব ফুটপাতে পুনরায় দখল ঠেকানো এবং এলাকার সৌন্দর্য বাড়াতে বিভিন্ন ধরনের ফুল ও সৌন্দর্যবর্ধক গাছের টব রাখা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
অভিযান চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, আমরা বারবার সংশ্লিষ্টদের অনুরোধ করছি, যাতে তাঁরা রাস্তা ও ফুটপাত দখল করে কোনো ধরনের ব্যবসা পরিচালনা না করেন। এরপরও কেউ যদি রাস্তা দখল করে বসেন, তবে তাঁদের মালামাল জব্দসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। তাঁদের সহযোগিতায় নিশ্চিত করতে হবে, যেন কোনোভাবেই সড়কের ওপর অবৈধভাবে কেউ বসতে না পারেন।
তিনি আরও বলেন, নিউমার্কেট এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দূর-দূরান্ত থেকে প্রতিদিন হাজারও মানুষ এখানে কেনাকাটা করতে আসেন। তাই পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জনগণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। কোনো অবস্থাতেই জনচলাচলে বিঘ্ন ঘটানো যাবে না।
হকার নীতিমালায় সার্ভিস চার্জ কমানোর বিষয়ে প্রশাসক জানান, হকারদের পক্ষ থেকে এ সংক্রান্ত যে দাবি জানানো হয়েছে, তা ইতোমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পাওয়ার পর সে অনুযায়ী তালিকা তৈরি করা হবে। তালিকার বাইরে কাউকে কোনো স্থানে বসার সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
অভিযান শেষে এলাকার পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে স্থানীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠন এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন ডিএসসিসি প্রশাসক।








