Logo

রাত ১টা ৩৫ মিনিটে মায়ের ফোনে আসে তাহসিফের শেষ ভয়েস মেসেজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ অক্টোবর, ২০২৬, ১৫:২৭
রাত ১টা ৩৫ মিনিটে মায়ের ফোনে আসে তাহসিফের শেষ ভয়েস মেসেজ
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা হয়েছে। ছেলের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন ও সুষ্ঠু তদন্তের দাবিতে শুক্রবার (৩০ অক্টোবর) উত্তরখান থানায় মামলাটি করেন তাঁর বাবা কে এম জসিম উদ্দিন করিম। এ ঘটনায় তাহসিফের জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

পরিবারের দেওয়া তথ্য ও মামলার এজাহার অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যার পর জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দীপের ডাকে বাসা থেকে বের হন তাহসিফ। রাত গভীর হলেও তিনি বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। এ সময় তাঁর মা একাধিকবার ফোন করে খোঁজ নেন। প্রতিবারই তাহসিফ কিছুক্ষণের মধ্যে বাসায় ফেরার আশ্বাস দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরিবারের দাবি, রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে মেসেঞ্জারে তাহসিফের মোবাইল নম্বর থেকে তাঁর মায়ের ফোনে একটি ভয়েস মেসেজ আসে। সেখানে তিনি বলেন, ‘রওনা দিচ্ছি, আসিতেছি।’ এটিই ছিল পরিবারের সঙ্গে তাঁর সর্বশেষ যোগাযোগ। এরপর আর কোনো কথা হয়নি, বাড়িতেও ফেরেননি তিনি।

পরদিন বুধবার (২৮ অক্টোবর) উত্তরখানের তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

ছেলের মৃত্যুর ঘটনায় সন্দেহ প্রকাশ করে বাবা কে এম জসিম উদ্দিন করিম থানায় মামলা করেন। এজাহারে ছেলের বাসা থেকে বের হওয়া, পরিবারের সঙ্গে সর্বশেষ যোগাযোগ এবং পরবর্তী সময়ে নদ থেকে মরদেহ উদ্ধারের বিষয়গুলো উল্লেখ করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

বাদীর দাবি, তাহসিফের মৃত্যু দুর্ঘটনা, আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করতে হবে। পাশাপাশি এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান শনিবার (৩১ অক্টোবর) বলেন, বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের ঘটনায় তার বাবার অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। শনিবার সকালে মামলাটি রুজু করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, তাহসিফের জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দীপকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। নৌ পুলিশের তুরাগ ফাঁড়ির ডিউটি অফিসার এসআই মোস্তাফিজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তরখান থানায় দায়ের করা হত্যা মামলায় দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD