Logo

ডিসি ফরিদা খানমের উদ্যোগে স্কুলে চালু হচ্ছে ‘ক্লিন স্কুল টিম’

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর, ২০২৬, ১৩:৩৪
ডিসি ফরিদা খানমের উদ্যোগে স্কুলে চালু হচ্ছে ‘ক্লিন স্কুল টিম’
ছবি প্রতিনিধি।

বিদ্যালয়ের পরিচ্ছন্নতা নিশ্চিত করা, শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ ও শ্রমের মর্যাদা গড়ে তোলা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে জাপানের ‘ও-সোজি’ মডেল অনুসরণ করে নতুন কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। এ কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে ঢাকার ২১টি বিদ্যালয়ে চালু হচ্ছে ‘ক্লিন স্কুল টিম’-এর পাইলট প্রকল্প।

বিজ্ঞাপন

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের উদ্বোধন করেন ঢাকার বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া। উদ্যোগটির নেতৃত্ব দিচ্ছেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় প্রতিদিন ১৫ থেকে ২০ মিনিট পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, সপ্তাহে অন্তত এক দিন ডেঙ্গুর ঝুঁকি পরিদর্শন, বর্জ্য পৃথকীকরণ এবং শিক্ষার্থীদের বাসায় পরিচ্ছন্নতার চর্চা চালু করা হবে। এর মাধ্যমে বিদ্যালয় থেকে পরিবার, আর পরিবার থেকে সমাজে পরিচ্ছন্নতার অভ্যাস ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “পরিচ্ছন্নতা শুধু বিদ্যালয় পরিষ্কার রাখার বিষয় নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, শ্রমের মর্যাদা ও পরিবেশের প্রতি যত্নশীল মনোভাব গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা।”

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আজকের পরিচ্ছন্ন বিদ্যালয়ই আগামী দিনের সচেতন ও দায়িত্বশীল নাগরিক তৈরির ভিত্তি।”

কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের নিয়মিত রুটিনে প্রতিদিন ১৫ থেকে ২০ মিনিট পরিচ্ছন্নতার জন্য নির্ধারণ করা হবে। শিক্ষার্থীদের ছোট ছোট দলে ভাগ করে শ্রেণিকক্ষ, করিডোর ও পাঠাগারের মতো নিরাপদ স্থান পরিষ্কারের দায়িত্ব দেওয়া হবে। এ কার্যক্রম তদারকি করবেন শিক্ষকরা। অন্যদিকে, টয়লেট, নোংরা ড্রেন ও ঝুঁকিপূর্ণ স্থান পরিষ্কারের দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা।

ডেঙ্গুর ঝুঁকি কমাতে প্রতি সপ্তাহে অন্তত এক দিন বিদ্যালয় প্রাঙ্গণ পরিদর্শন করা হবে। এ সময় কোথাও পানি জমে আছে কি না, পানির পাত্র খোলা রয়েছে কি না এবং এডিস মশার প্রজননস্থল তৈরি হয়েছে কি না, তা পরীক্ষা করা হবে। চিহ্নিত ঝুঁকি ও সমস্যা সমাধানের অগ্রগতি নির্ধারিত চেকলিস্টে লিপিবদ্ধ করা হবে।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের পাশাপাশি শিক্ষার্থীদের বাড়িতেও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে নেওয়া হয়েছে ‘আমার বাসা, আমার দায়িত্ব’ কর্মসূচি। এর আওতায় শিক্ষার্থীদের সাপ্তাহিক পরিচ্ছন্নতা চেকলিস্ট দেওয়া হবে। ঘর গুছিয়ে রাখা, সঠিকভাবে বর্জ্য ফেলা এবং বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়ার মতো বিষয়গুলো এতে অন্তর্ভুক্ত থাকবে। প্রতি রোববার শিক্ষকরা চেকলিস্ট মূল্যায়ন করবেন।

বিদ্যালয়ে পচনশীল, পুনর্ব্যবহারযোগ্য ও অন্যান্য বর্জ্য আলাদাভাবে ফেলার ব্যবস্থা করা হবে। ডাস্টবিনের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি পচনশীল বর্জ্য থেকে জৈব সার তৈরির বিষয়েও শিক্ষার্থীদের ব্যবহারিক ধারণা দেওয়া হবে। এর মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে তাদের সচেতন করে তোলার পরিকল্পনা রয়েছে।

বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। এ মূল্যায়নের মাধ্যমে সেরা বিদ্যালয়, শ্রেণি ও শিক্ষার্থীদের নির্বাচন করে সনদ, বই, শিক্ষা উপকরণ কিংবা গাছের চারা দিয়ে পুরস্কৃত করার প্রস্তাব রয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ঢাকার বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া বলেন, ও-সোজি মডেল শুধু পরিচ্ছন্নতা কার্যক্রম নয়; এটি শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ গড়ে তোলার একটি কার্যকর উদ্যোগ। শিক্ষার্থীরা নিজের বিদ্যালয় নিজে পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুললে তা পরিবার ও সমাজেও ইতিবাচক প্রভাব ফেলবে।

তিনি বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ মডেল বাস্তবায়নের মাধ্যমে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত অংশগ্রহণ জরুরি।

এর আগে গত ৮ জুলাই শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘ক্লিন স্কুল টিম’ গঠন করে ঢাকা জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

জেলা প্রশাসন জানায়, টিম গঠনের পর প্রায় তিন মাস ধরে গবেষণা, বিদ্যালয়গুলোর কার্যক্রম পর্যালোচনা এবং বিশ্বের বিভিন্ন দেশের পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। এসব অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে বাংলাদেশের উপযোগী করে জাপানি বিদ্যালয়ের পরিচ্ছন্নতা পদ্ধতি ‘ও-সোজি’র আদলে ‘ক্লিন স্কুল টিম’-এর কার্যক্রম বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণ করা হয়েছে।

এ উদ্যোগের মাধ্যমে বিদ্যালয় পরিচ্ছন্ন রাখার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত পরিচ্ছন্নতার অভ্যাস, পরিবেশ সচেতনতা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে উঠবে বলে আশা করছে ঢাকা জেলা প্রশাসন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD