নিউমার্কেটসহ ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত হবে হকারমুক্ত

রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। নিউমার্কেট এলাকাসহ নগরীর প্রধান সড়কগুলোতে হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। তবে নির্ধারিত ব্যবস্থাপনার আওতায় হকারদের ব্যবসার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
বিজ্ঞাপন
সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর কলাবাগানের স্টাফ কোয়ার্টার এলাকায় নাগরিক সমাজের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম ও ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম।
সভায় সড়কমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, রাজধানীর উন্নয়ন ত্বরান্বিত করা, নাগরিকদের ভোগান্তি কমানো এবং নগরজীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সিটি করপোরেশনের পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নগরবাসীকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, প্রায় সাড়ে তিন কোটি মানুষের সেবা নিশ্চিত করা সিটি করপোরেশনের সীমিত জনবল ও সক্ষমতা দিয়ে বড় চ্যালেঞ্জ। এর সঙ্গে আগের সরকারের সময় আর্থিক অনিয়ম ও তহবিলের অপব্যবহারের কারণে সংস্থাটির আর্থিক সক্ষমতাও বাধাগ্রস্ত হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
উন্নয়নকাজের অগ্রাধিকার নির্ধারণের বিষয়ে মন্ত্রী জানান, রাস্তার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিবেচনা করেই কাজের পরিকল্পনা করা হবে। কোনো ব্যক্তি কিংবা এলাকার পরিচয়কে প্রাধান্য না দিয়ে জনস্বার্থকে সামনে রেখে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।
অন্যদিকে, ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম বলেন, দক্ষিণ ঢাকার বড় সমস্যাগুলোর একটি জলাবদ্ধতা। এ সমস্যা সমাধানের পাশাপাশি নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করাও জরুরি। হকারদের দখলের কারণে সাধারণ মানুষকে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। পরিস্থিতি বদলাতে দ্রুত বিশেষ কর্মসূচি নেওয়া হবে।
তিনি বলেন, রাজধানীর রাজপথে কোথাও হকার বসতে দেওয়া হবে না। তবে নিয়ম মেনে নির্ধারিত ব্যবস্থাপনার মাধ্যমে তাঁদের ব্যবসার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এ ক্ষেত্রে মতিঝিলের নৈশকালীন মার্কেটের উদাহরণ তুলে ধরেন তিনি।
বিজ্ঞাপন
নাগরিক সেবার মান বাড়াতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে আব্দুস সালাম বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সভায় ঢাকার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং নাগরিক সেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।








