Logo

কেরানীগঞ্জে ফ্ল্যাট থেকে যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর, ২০২৬, ১৭:৪৫
কেরানীগঞ্জে ফ্ল্যাট থেকে যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে ডালিয়া আক্তার সুমা (৫০) নামে যুব মহিলা লীগের এক নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজারে সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত ডালিয়া আক্তার সুমা কেরানীগঞ্জ মডেল থানার বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ছিলেন। তিনি রসুলপুর এলাকার লিয়াকত শিকদারের মেয়ে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সুমা কেরানীগঞ্জের ওই ফ্ল্যাটে দুই মেয়েকে নিয়ে বসবাস করতেন। পাশাপাশি তিনি স্থানীয় চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করতেন। মেয়েদের বিয়ে হওয়ার পর থেকে ফ্ল্যাটটিতে একাই থাকতেন তিনি। সবশেষ শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন জানান, কে বা কারা তাকে হত্যা করেছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। ইতোমধ্যে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD