উত্তরায় ‘দে লাড়া’ কিশোর গ্যাংয়ের মূলহোতা পিচ্চি সানি গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় আলোচিত ‘দে লাড়া’ কিশোরগ্যাং গ্রুপের মূলহোতা ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব হাসান সানি ওরফে পিচ্চি সানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৩ বছর বয়সী এই যুবকের বিরুদ্ধে মাদক কারবার, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধের অভিযোগে রাজধানীর একাধিক থানায় অন্তত সাতটি মামলার তথ্য রয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ সূত্র জানায়, রাতে উত্তরায় পশ্চিম থানাধীন বিএনএস সেন্টার এলাকায় অভিযান চালানো হলে একটি গোপণ আস্তানা থেকে সানিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার গ্রুপের অন্যান্য সঙ্গীরা পালিয়ে গেলেও সানিকে ধরে ফেলে পুলিশ।
গ্রেপ্তার পিচ্চি সানি ঢাকা মহানগর উত্তরের উত্তরা পূর্ব থানা ছাত্রলীগের সাবেক সংস্কৃতিবিষয়ক সম্পাদক। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করেছিল র্যাব-১। ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে উত্তরার বিভিন্ন এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সংঘবদ্ধ হামলায় পিচ্চি সানির সরাসরি সম্পৃক্ততাও রয়েছে। সে সময় আন্দোলন দমনে স্থানীয় কিশোরগ্যাং সদস্যদের সংগঠিত করে লাঠিসোঁটা হাতে সানিকে শিক্ষার্থীদের ওপর হামলায় অংশ নিতেও দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, উত্তরাজুড়ে বিস্তৃত কিশোরগ্যাং নেটওয়ার্কের আড়ালে পিচ্চি সানি সরকারবিরোধী নাশকতার পরিকল্পনায় যুক্ত রয়েছে। সে ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য খসরু চৌধুরীর পিএস নূর মোহাম্মদের অন্যতম সঙ্গী।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এছাড়াও পিচ্চি সানি স্থানীয়ভাবে আলোচিত ‘দে লাড়া’ গ্রুপের বিরুদ্ধে মাদক কারবার, চাঁদাবাজি, ছিনতাই ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে জড়িত। উত্তরার বিভিন্ন সেক্টর ছাড়াও উত্তরখান, দক্ষিণখান ও টঙ্গীর বিভিন্ন এলাকায় গ্রুপটির তৎপরতা রয়েছে। বিশেষ করে উত্তরা ৮ নম্বর সেক্টর থেকে টঙ্গী রেলস্টেশন পর্যন্ত রেলপথসংলগ্ন এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে গ্রুপটির সম্পৃক্ততার প্রমাণ একাধিক গণমাধ্যমের রিপোর্টে উঠে আসে।
পুলিশ সূত্র জানায়, চলতি বছরের ৩০ আগস্ট চার সহযোগীসহ উত্তরা পশ্চিম থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয় সানি। ওই সময় সানির কাছ থেকে নগদ ১০ লাখ টাকা ও একটি হোন্ডা সিভিক গাড়ি উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর নথি অনুযায়ী, পিচ্চি সানির বিরুদ্ধে দক্ষিণখান থানায় চারটি, উত্তরা পূর্ব থানায় একটি এবং উত্তরা পশ্চিম থানায় দুটি মামলার তথ্য রয়েছে। ২০১৮ থেকে ২০২৬ সালের বিভিন্ন সময়ে এসব মামলা দায়ের করা হয়।
বিজ্ঞাপন
সর্বশেষ গ্রেপ্তারের বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, কিশোরগ্যাং নেতা পিচ্চি সানিকে গতকাল রাতে উত্তরার বিএনএস সেন্টার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উত্তরায় কিশোরগ্যাং দমনে পুলিশ সবসময় তৎপর রয়েছে বলেও জানান তিনি।








