রাস্তায় পড়েছিল গুলিবিদ্ধ মরদেহ, পাশেই নম্বরপ্লেটহীন মোটরসাইকেল

খুলনা নগরীতে মো. তুষার (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশে আনসার উদ্দিন লেন এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে নিহতের মরদেহের পাশে নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখা যায়।
বিজ্ঞাপন
নিহত তুষার নগরীর লবণচরা থানার জিন্নাপাড়া ৮ নম্বর গলির বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকার একটি মাদরাসার সামনে প্রথমে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তুষার মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে যাওয়ার সময় আনসার উদ্দিন লেনের পূর্ব প্রান্তে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ হয়ে তিনি মোটরসাইকেলসহ সড়কে পড়ে যান।
ঘটনাস্থলে তাঁর মরদেহের পাশে কালো রঙের নম্বরপ্লেটবিহীন একটি আর-১৫ মোটরসাইকেল পড়ে ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বিজ্ঞাপন
খবর পেয়ে খুলনা সদর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ এবং এতে জড়িত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম জানান, নিহতের শরীরে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া ঘটনাস্থলের কাছাকাছি জায়গা থেকে আরও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন গণমাধ্যমকে জানান, নিহত তুষারের বিরুদ্ধে অন্তত দুটি মামলার তথ্য রয়েছে। এর মধ্যে একটি অস্ত্র আইনে এবং অন্যটি হত্যা মামলা। তাঁর ভাষ্য অনুযায়ী, তুষার পলাশ গ্রুপের সদস্য ছিলেন।
বিজ্ঞাপন
ওসি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ, ব্যবহৃত অস্ত্র এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের তদন্ত চলছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।







