Logo

পুলিশের পোশাক পরে গান গেয়ে বিপাকে এএসআই উদয়ন ফারুক

profile picture
জেলা প্রতিনিধি
সিলেট
২১ অক্টোবর, ২০২৬, ২১:০২
পুলিশের পোশাক পরে গান গেয়ে বিপাকে এএসআই উদয়ন ফারুক
ছবি: সংগৃহীত

সিলেট নগরীর একটি পূজামণ্ডপে পুলিশের ইউনিফর্ম পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে প্রশাসনিক পদক্ষেপের মুখে পড়েছেন সহকারী উপপরিদর্শক (এএসআই) উদয়ন ফারুক। এ ঘটনায় তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে একজন কর্মকর্তাকে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের স্বাক্ষরিত আদেশে উদয়ন ফারুককে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। এর আগে তিনি এসএমপির জালালাবাদ থানায় কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) রাতে সিলেট নগরীর ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সর্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন এএসআই উদয়ন ফারুক। ওই সময় পূজা উদযাপন পরিষদের আয়োজনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল।

অভিযোগ অনুযায়ী, নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় পুলিশের ইউনিফর্ম পরেই অনুষ্ঠানে গান পরিবেশন করেন তিনি। তার গান গাওয়ার দৃশ্য ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। এরপরই তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বলেন, ‌সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। পরে এএসআই উদয়ন ফারুককে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য জালালাবাদ থানার সহকারী কমিশনারকে (এসি) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD