সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে আসিফ আকবর না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিজ্ঞাপন
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান গুলিবর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে মগবাজার এলাকায় সংগীতশিল্পীর ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। সে সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না। এ কারণে এ ঘটনায় কেউ হতাহত হননি।
কী কারণে এ ঘটনা ঘটেছে কিংবা কারা এর সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
ওসি মো. আসাদুজ্জামান জানান, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে পুলিশ। নেপথ্য কারণ উদঘাটনসহ জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, দেশের সংগীতাঙ্গনের শীর্ষস্থানীয় জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ক্রীড়াঙ্গনেও সমানভাবে পরিচিত। তিনি অতীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।








