পাঁচ দিনের ছুটি শেষে যানজট আর যাত্রীচাপে ব্যস্ত ঢাকা

টানা পাঁচ দিনের ছুটি শেষে কর্মব্যস্ত জীবনে ফিরেছে রাজধানী ঢাকা। অফিস-আদালত, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন কর্মস্থলে মানুষের যাতায়াত বাড়তেই সড়কে বেড়েছে যানবাহনের চাপ। বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ভিড়ে সকাল থেকেই ব্যস্ত হয়ে ওঠে মহানগরীর বিভিন্ন সড়ক। কোথাও যানজট, কোথাও বাসের জন্য দীর্ঘ অপেক্ষা, আবার কোথাও রাস্তা পারাপারে পথচারীদের ব্যস্ততা—সব মিলিয়ে ছুটি শেষে চেনা কর্মব্যস্ত রূপে ফিরেছে রাজধানী।
বিজ্ঞাপন
রবিবার (২৫ অক্টোবর) সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে। দুর্গাপূজার ছুটি শেষে কর্মজীবী মানুষের কর্মস্থলে ফেরা এবং ব্যবসাপ্রতিষ্ঠান চালু হওয়ায় সড়কে যানবাহন ও যাত্রীর সংখ্যা বেড়েছে। ছুটির দিনগুলোতে তুলনামূলক স্বস্তিতে চলাচল করা নগরবাসীকে আবারও পড়তে হয়েছে দৈনন্দিন যাতায়াতের ভোগান্তিতে।
সকাল থেকেই মহানগরীর সড়কগুলোতে কর্মস্থলমুখী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকায় গণপরিবহনের জন্য অপেক্ষমাণ যাত্রীদের ভিড় দেখা যায়। বাস আসার পর তাতে ওঠার জন্য যাত্রীদের মধ্যে তাড়াহুড়া তৈরি হয়। অতিরিক্ত ভিড়ের কারণে অনেককে বাসে উঠতে না পেরে পরবর্তী গাড়ির অপেক্ষায় থাকতে হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
যাত্রী ওঠানো-নামানোর সময় সড়কে যানবাহনের গতি কমে আসে। সায়েদাবাদ ও যাত্রাবাড়ী রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ হওয়ায় এসব এলাকায় যানবাহনের চাপ বাড়ার প্রভাব পড়ে আশপাশের সড়কেও। কর্মস্থলে সময়মতো পৌঁছানোর তাড়া, গণপরিবহনের জন্য অপেক্ষা এবং যানজট মিলিয়ে সকালের যাত্রা অনেকের জন্য হয়ে ওঠে দুর্ভোগের।
রাজধানীর রামপুরা, হাতিরঝিল, বাড্ডা, মালিবাগ, মৌচাক ও পল্টন এলাকাতেও যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। কোথাও বাসের অপেক্ষায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে যাত্রীদের, আবার কোথাও ধীরগতিতে এগিয়েছে গাড়ি। ব্যস্ত সড়কের দুই পাশে যানবাহনের সারি আর ফুটপাত দিয়ে দ্রুত চলতে থাকা মানুষের দৃশ্য জানান দিচ্ছিল, ছুটির আমেজ কাটিয়ে ঢাকা ফিরেছে নিয়মিত কর্মচাঞ্চল্যে।
বিজ্ঞাপন
পল্টন এলাকায় সকাল থেকেই অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানগামী মানুষের চলাচল বাড়তে থাকে। ফুটপাতগুলোতে ছিল পথচারীদের ব্যস্ততা। কেউ দ্রুত হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন, আবার কেউ রাস্তা পার হওয়ার উপযুক্ত সুযোগ খুঁজছেন। সড়কে যানবাহনের চাপ থাকায় চালকদেরও সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে দেখা যায়।
গুলিস্তান এলাকায় বাসের পাশাপাশি রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির চলাচল ছিল উল্লেখযোগ্য। যাত্রী ওঠানো-নামানো, গাড়ির দীর্ঘ সারি এবং পথচারীদের রাস্তা পারাপারের ব্যস্ততায় এলাকাটিতে কর্মদিবসের পরিচিত চিত্র ফিরে আসে। ফুটপাত ধরে দ্রুত গন্তব্যের দিকে ছুটতে দেখা যায় কর্মজীবী মানুষকে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
যাত্রাবাড়ী থেকে গুলিস্তানগামী যাত্রী সিফাত রহমান বলেন, ছুটির সময় রাস্তায় চাপ কিছুটা কম ছিল। আজ সকালে বের হয়েই আবার আগের পরিস্থিতি দেখছি। বাসে দাঁড়ানোর জায়গাও পাওয়া কঠিন। যানজটের কারণে কখন গন্তব্যে পৌঁছাব, সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
গুলিস্তান এলাকায় শিকড় বাসের এক চালক বলেন, ছুটির পর আজ যাত্রী বেশি। বিভিন্ন জায়গায় যাত্রী ওঠানো-নামানোর সময় গাড়ি ধীরে চালাতে হচ্ছে। রাস্তায় গাড়ির চাপ থাকলে এক ট্রিপ শেষ করতেও বেশি সময় লাগে। এতে চালক ও যাত্রী, দুপক্ষকেই ভোগান্তিতে পড়তে হয়।
বিজ্ঞাপন
দুর্গাপূজার ছুটিতে রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপ তুলনামূলক কম থাকলেও ছুটি শেষে পরিস্থিতি বদলে গেছে। কর্মস্থলে ফেরা মানুষের সঙ্গে বেড়েছে গণপরিবহনের যাত্রীসংখ্যা ও ব্যক্তিগত গাড়ির চলাচল। ফলে সকাল থেকেই বিভিন্ন এলাকায় যানজট ও গণপরিবহনে ভিড়ের কারণে দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে। ছুটির বিরতির পর রাজধানীর এই চিত্র আবারও ঢাকার নিয়মিত কর্মব্যস্ততা ও যাতায়াতের চাপকে সামনে নিয়ে এসেছে।








