মিরপুরে আবারো পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। শনিবার দুপুরে তাঁদের এ কর্মসূচির কারণে মিরপুরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়। সৃষ্টি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
বিজ্ঞাপন
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর ট্রাফিক বিভাগের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক সতর্কবার্তায় জানানো হয়, পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ এবং প্রশিকা মোড়সংলগ্ন এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না।
সড়কে যান চলাচল স্বাভাবিক করা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ করছেন বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়। পাশাপাশি এসব সড়ক ব্যবহারকারীদের জরুরি প্রয়োজনে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে গত ২৯ অক্টোবর একই দাবিতে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এবং মিরপুর-১১-এর পুরবী সিনেমা হলের সামনে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছিলেন কয়েক শ পোশাকশ্রমিক। সে সময় দফায় দফায় আলোচনার মাধ্যমে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।
বিজ্ঞাপন
তবে দাবি পূরণ না হওয়ায় শ্রমিকেরা আবারও রাজপথে নেমে বিক্ষোভ শুরু করেছেন।








