Logo

ক্রেনের ধাক্কায় আইসিইউতে ভর্তি সিভিল ইঞ্জিনিয়ার, থানায় মামলা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর, ২০২৬, ১৭:৩৯
ক্রেনের ধাক্কায় আইসিইউতে ভর্তি সিভিল ইঞ্জিনিয়ার, থানায় মামলা
ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল এলাকায় নিয়ন্ত্রণহীন ক্রেনের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন সিভিল ইঞ্জিনিয়ার এবিএম আহসান উল্লাহ আরিফ (৩৭)। দুর্ঘটনায় তাঁর ডান পায়ের হাড় ও নিতম্বের হাড়ের একাধিক স্থানে ভেঙে গেছে। বাম পায়েও গুরুতর আঘাত লেগেছে। এ ছাড়া পেটের নিচের অংশ কেটে নাড়িভুঁড়ি বের হয়ে এসেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

এ ঘটনায় হাতিরঝিল থানায় এজাহার দায়ের করেছেন আহত ব্যক্তির খালাতো ভাই মোঃ সাদেক হোসেন ভূঁইয়া। এজাহারে মেহেদী হাসান সানি (৩২) ও রাইয়ান (২৩) নামের দুজনকে বিবাদী করা হয়েছে। তাঁদের মধ্যে মেহেদী হাসান সানিকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। অপর বিবাদী রাইয়ানের পরিচয় ও ঠিকানা অজ্ঞাত বলে জানানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এজাহারের বর্ণনা অনুযায়ী, গত ১৮ অক্টোবর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে হাতিরঝিল থানাধীন রেইনবো ক্রসিংয়ের প্রায় ১৫০ গজ দক্ষিণে দুর্ঘটনাটি ঘটে। অসুস্থ খালাকে দেখতে মহাখালীর উদ্দেশে মোটরসাইকেলে রওনা হয়েছিলেন আহসান উল্লাহ আরিফ। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মোঃ ফারুক মিয়া (৫৫)। মোটরসাইকেলটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ল-৩৮-৭৩৩৬।

এজাহারে অভিযোগ করা হয়েছে, ঘটনাস্থলে পৌঁছানোর পর ভারী মালামাল উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ক্রেন নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আরিফ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ক্রেনের চাকায় পিষ্ট হন। মোটরসাইকেলচালক ফারুক মিয়াও পাশে পড়ে আহত হন, তবে তাঁর আঘাত সাধারণ প্রকৃতির বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আরিফকে উদ্ধার করে ১৮ অক্টোবর সকাল ৮টা ৩৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান এজাহারকারী সাদেক হোসেন ভূঁইয়া। সেখানে আহত স্বজনকে চিকিৎসাধীন অবস্থায় দেখার পর তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের কাছ থেকে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন এজাহারকারী মোঃ সাদেক হোসেন ভূঁইয়া। এবিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে পুলিশ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD