এলিজা জামানের মনোনয়নে নয়াপল্টনে বিএনপির আনন্দ মিছিল

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩ (আসন নম্বর ৩২৩)-এ বিএনপি নেত্রী এলিজা জামানকে মনোনীত করায় রাজধানীর নয়াপল্টনে আনন্দ মিছিল করেছেন ঢাকাস্থ বিএনপির নেতাকর্মীরা। এ সময় এলিজা জামানকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তাঁরা।
বিজ্ঞাপন
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি কাকরাইল মোড় প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য এবং দৈনিক খোলা বাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট সাংবাদিক আলহাজ মো. জহিরুল ইসলাম কলিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালেহ আহম্মেদ কাঞ্চন। এ সময় ঢাকাস্থ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য দেন।
বক্তারা তাঁদের বক্তব্যে এলিজা জামানের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দলের প্রতি আনুগত্য এবং রাজপথের আন্দোলনে তাঁর ত্যাগের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা মোকাবিলা করে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এলিজা জামান। তাঁর এই মনোনয়ন পিরোজপুরের রাজনৈতিক অঙ্গনে আনন্দ ও উৎসাহ সৃষ্টি করেছে।
বিজ্ঞাপন
বক্তারা এলিজা জামানকে সংরক্ষিত নারী আসনে মনোনীত করায় প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি তাঁর আগামী দিনের রাজনৈতিক পথচলার সাফল্য কামনা করেন।
আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে ঢাকাস্থ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তাঁদের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
উল্লেখ্য, এলিজা জামান পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী মহিলা দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।








