কোনো অবস্থাতেই রাস্তা ও ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না

অবৈধ দখলের পক্ষে যত যুক্তি বা অজুহাতই দেখানো হোক, কোনো অবস্থাতেই রাস্তা ও ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টা ও বিকেল ৩টা ৩০ মিনিটে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত দুই দফায় পরিচালিত উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
অভিযান চলাকালে মূল সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। জব্দ করা হয় দখলদারদের মালামাল। অভিযানের মাধ্যমে জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত পুরো সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়।

অভিযান চলাকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন ডিএসসিসি প্রশাসক। বারবার অভিযান চালানোর পরও হকাররা কীভাবে আবার ফিরে আসেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “যতবারই অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করা হবে, ততবারই আমরা নগরবাসীর স্বার্থে অভিযান চালাব। একাধিকবার আলোচনা, অনুরোধ ও সতর্ক করার মতো সব ধরনের পদক্ষেপ আমরা নিয়েছি। এখন থেকে অবৈধভাবে বসলে মালামাল জব্দ এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা ও গ্রেপ্তার করা হবে।”
বিজ্ঞাপন
হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করার অভিযোগ প্রসঙ্গে আবদুস সালাম বলেন, “গণমাধ্যমের কাছে অনুরোধ, এমন কোনো প্রশ্ন করবেন না যাতে অবৈধ দখলকারীরা উৎসাহিত হয়। ঢাকার নাগরিকরা কী চান এবং দেশের সাধারণ মানুষের দাবি কী—দয়া করে সে অনুযায়ী জনমত গড়ে তুলুন। সারা দেশের বাস্তুচ্যুত মানুষের দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিতে পারবে না। জনগণের চলাচলে বিঘ্ন না ঘটিয়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সংখ্যক হকারকে বসার সুযোগ দেওয়া যেতে পারে, বাকিদের নিজ নিজ জেলায় ফিরে যেতে হবে। এই ঢাকাকে আমাদের বাঁচাতে হবে; এর কোনো বিকল্প নেই।”

উচ্ছেদ অভিযান চলাকালে উপস্থিত পথচারীদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস দেখা যায়। তারা স্বস্তি প্রকাশ করে প্রশাসককে ধন্যবাদ জানান এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার অনুরোধ করেন।








