Logo

দুই ঘণ্টা পরও বিমানের ত্রুটি সারেনি, ফ্লাইট থেকে নেমে গেলেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর, ২০২৬, ১৮:১৬
দুই ঘণ্টা পরও বিমানের ত্রুটি সারেনি, ফ্লাইট থেকে নেমে গেলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

জাপানের নারিতা থেকে ঢাকায় ফেরার পথে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে আছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি ৩৭৭। ত্রুটি সারাতে দুই ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। এ অবস্থায় প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধিদলের সদস্যরা বিমান থেকে নেমে গেছেন। অন্য যাত্রীদেরও বিমানবন্দরের লাউঞ্জে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিমানের পাইলট ক্যাপ্টেন ইমামুল জানিয়েছেন, প্রকৌশলীরা ত্রুটি মেরামতের কাজ করছেন। এ জন্য আরও দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগতে পারে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা বিলম্বের কথা জানান এবং দুঃখ প্রকাশ করেন। পরে বিমানটি টারমাকে ফিরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে গত ২৬ অক্টোবর টোকিও যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। পাশাপাশি দেশটির বিভিন্ন বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন।

বিজ্ঞাপন

এসব আলোচনায় বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বিনিয়োগ সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়। এ ছাড়া কৃষি, অবকাঠামো উন্নয়ন, সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি ও শিল্প খাতের মানোন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সফরের শেষ পর্যায়ে টোকিওতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন প্রধানমন্ত্রী।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD