যান্ত্রিক ত্রুটি সারিয়ে পাঁচ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট

ককপিটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর ঢাকার উদ্দেশে যাত্রা করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট।
বিজ্ঞাপন
জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টা ৪৩ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৭টা ৪৩ মিনিট) উড়োজাহাজটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিজি-৩৭৭ ফ্লাইটটির উড্ডয়ন স্থগিত করা হয়।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ জানান, উড়োজাহাজে কারিগরি ত্রুটি শনাক্ত হওয়ার পর প্রকৌশলীরা দ্রুত মেরামতের কাজ শুরু করেন। পরে বিমানের ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল ত্রুটি সারাতে সক্ষম হয়।
বিজ্ঞাপন
ফ্লাইটের এক যাত্রী জানান, ভিভিআইপি যাত্রীদের নিয়ে বিজি-৩৭৭ ফ্লাইটটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে যাত্রীদের বোর্ডিং শেষে উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। তবে রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে ‘স্পয়লার’ সংক্রান্ত একটি প্রযুক্তিগত সংকেত দেখা দেয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ পরিস্থিতিতে পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন। কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে উড়োজাহাজটিকে নির্দিষ্ট পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।
উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন। এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
বিজ্ঞাপন
এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সফরকালে জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।








