ঠাকুরগাঁওয়ে জয়ের পথে বিএনপির মির্জা ফয়সল, ব্যবধান ৫৩ হাজার ভোট

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪১টির ফলাফল পাওয়া গেছে। এসব কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন। তিনি পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৭৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৪ হাজার ১৩১ ভোট।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে ঠাকুরগাঁওয়ের জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
এখন পর্যন্ত পাওয়া ফলাফলে মির্জা ফয়সল আমীন তার প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার হোসেনের চেয়ে ৫৩ হাজার ৬৬৭ ভোটে এগিয়ে রয়েছেন।
এই উপনির্বাচনে বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে একে একে কেন্দ্রগুলো থেকে ফলাফল আসতে শুরু করে।
বিজ্ঞাপন
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের সদর, রুহিয়া ও ভূল্লী এলাকায় মোট ১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভূল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী। তারা হলেন—মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।
বিজ্ঞাপন
এ ছাড়া পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাদের মধ্যে পুরুষ ২৪৯ এবং নারী ৩৮ জন।








