Logo

২০ কেন্দ্রের ফলাফলে দ্বিগুণের বেশি ভোটে এগিয়ে বিএনপির মির্জা ফয়সল

profile picture
জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
২৯ অক্টোবর, ২০২৬, ১৯:৫১
২০ কেন্দ্রের ফলাফলে দ্বিগুণের বেশি ভোটে এগিয়ে বিএনপির মির্জা ফয়সল
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২০টি ভোটকেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২৩ হাজার ৫৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ১৩৮ ভোট।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঠাকুরগাঁওয়ের জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলার মোট ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মোট কেন্দ্রের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভূল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী। তারা হলেন—মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।

এ ছাড়া পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাদের মধ্যে পুরুষ ২৪৯ এবং নারী ৩৮ জন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD