ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
ইসি সচিব জানান, সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে। নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, ভোটগ্রহণের পুরো সময়ে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সব কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়েছে। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার সময় কোনো কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ ভোটার ছিলেন না। দুপুর ২টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এ আসনে ভোটার উপস্থিতির হার ছিল ৪৮ শতাংশ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভোটগ্রহণ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একজন প্রিজাইডিং কর্মকর্তার ছবি না থাকার বিষয়ে ছড়িয়ে পড়া ভিডিও প্রসঙ্গে ইসি সচিব বলেন, বিষয়টি নজরে আসার পর গুরুত্ব দিয়ে যাচাই করা হয়েছে। কেন্দ্রীয় ডেটাবেজের সঙ্গে তথ্য মিলিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় শতভাগ নিশ্চিত করা হয়। এ বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদেরও বিস্তারিত ব্যাখ্যা দিয়ে সন্তুষ্ট করা হয়েছে।
বিজ্ঞাপন
ভুয়া ভোটার সন্দেহে তিনজনকে আটকের বিষয়ে প্রশ্ন করা হলে আখতার আহমেদ বলেন, তিনজনকে আটকের ঘটনা সত্য। তবে তাৎক্ষণিকভাবে তাদের রাজনৈতিক পরিচয় বা সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করছে।
কেন্দ্রগুলোতে স্বচ্ছতার সঙ্গে ভোট গণনা চলছে জানিয়ে ইসি সচিব বলেন, সব কেন্দ্রের গণনা শেষ হলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।








