Logo

গ্রীষ্মের আগেই ৩–৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর, ২০২৬, ২১:৪০
গ্রীষ্মের আগেই ৩–৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের
ছবি: সংগৃহীত

জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আগামী গ্রীষ্ম মৌসুমের আগেই দেশে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ জন্য গৃহস্থালি ও শিল্পকারখানার ছাদে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বিজ্ঞাপন

তিনি জানান, এ লক্ষ্য সামনে রেখে আগামী ৩ ও ৪ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’। প্রধানমন্ত্রী তারেক রহমান এ এক্সপোর উদ্বোধন করবেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরে এসব তথ্য জানান তথ্য উপদেষ্টা।

ব্রিফিংয়ে তিনি বলেন, সম্প্রতি আলজেরিয়ার সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে এলএনজি, এলপিজি ও পেট্রোলিয়াম পণ্য আমদানির সোর্সিং সহজ হবে। নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান এবং আন্তর্জাতিক বাজারের অস্থিরতা মোকাবিলায় বিকল্প নবায়নযোগ্য জ্বালানির বিস্তার বর্তমান সরকারের মূল অগ্রাধিকার।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, দেশজুড়ে অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চিরুনি অভিযান জোরদার করা হয়েছে।

তিনি জানান, পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা গত কয়েক সপ্তাহে দেশব্যাপী অভিযান চালিয়ে কয়েক লাখ পিস ইয়াবা, হেরোইন, ফেনসিডিল ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। মাদকমুক্ত সমাজ গড়ে তোলা এবং তরুণদের ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এ অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষায় দেশের প্রায় ২০ কোটি মানুষের জন্য একটি সুরক্ষিত ‘সমন্বিত স্বাস্থ্য ডেটা ভান্ডার’ ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশ রোধে রাস্তার পাশের দোকানসহ ১৬ শ্রেণির খাদ্য ব্যবসার জন্য নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।

ডা. জাহেদ উর রহমান বলেন, “রাস্তার পাশে পিঠা, পুরি, পেঁয়াজুসহ বিভিন্ন খাবার বিক্রির অস্থায়ী দোকানগুলোতে নানা রকম জীবাণু ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার এই ক্ষেত্রগুলোতে কড়াকড়ি আরোপ করছে।”

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা জানান, কর্মজীবী মায়েদের সুবিধার্থে সরকারি অফিসে ডে-কেয়ার সেন্টারের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মৎস্যসম্পদ রক্ষায় অবমুক্তকরণ অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি দারিদ্র্য নিরসনে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পুষ্টিচাল বিতরণ অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

ধর্মীয় উৎসব প্রসঙ্গে তিনি জানান, এ বছর সরকারি সহায়তা, ছুটি বৃদ্ধি ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দেশের ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। সরকারের কার্যকর পদক্ষেপের প্রতি জনগণের আস্থার বহিঃপ্রকাশ হিসেবে তিনি এ আয়োজনকে উল্লেখ করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD