বিএনপি রাজনীতি করে প্রত্যেক মানুষের পাশে দাঁড়ানোর জন্য

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, মানুষকে ভোলানোর জন্য কিংবা কথা বলে ভোট নেওয়ার জন্য বিএনপি রাজনীতি করে না। দলটি রাজনীতি করে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে এবং শ্রেণি-ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে বিরামপুর সরকারি কলেজ মাঠে দিনব্যাপী চাকরি মেলা বা জব ফেয়ারের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “এটি যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধর্ম, তেমনি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক দিকদর্শন। সেই লক্ষ্যেই আজ আমাদের এই জব ফেয়ারের আয়োজন।”
তিনি বলেন, সামগ্রিকভাবে এই অঞ্চলটি অবহেলিত। কারণ, তারা জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধা, রংপুর কিংবা দিনাজপুর—কোনোটিরই কাছাকাছি নয়। দিনাজপুর থেকেও তাদের দূরত্ব প্রায় ১১০ কিলোমিটার।
বিজ্ঞাপন
“এই অবস্থার মধ্যে আমাদের অঞ্চলকে জাগিয়ে তুলতে হলে, এখানকার তরুণ-তরুণীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হলে তাদের ঘুম থেকে জাগিয়ে তোলা সবচেয়ে বড় কাজ। সেই লক্ষ্যেই আজকের জব ফেয়ারের আয়োজন—তাদের একটি ধাক্কা দেওয়া,” বলেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মন্ত্রী আরও বলেন, এ আয়োজনের মধ্য দিয়ে তরুণদের মধ্যে জাগরণের ঢেউ তৈরি হবে। সেই জাগরণ ধরে রাখতে চান তারা। এর ভিত্তিতে ভবিষ্যতে আরও বড় পরিসরে ও সুন্দরভাবে আয়োজন করার লক্ষ্যে সবাই মিলে কাজ করবেন।
তিনি বলেন, “এর চেয়ে আরও সুন্দর ও অর্থবহ উদ্যোগের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম এবং আগামীর প্রজন্মের জন্য শুধু দিনাজপুর-৬ আসন নয়, পুরো দিনাজপুর জেলাকে বাংলাদেশে আরও সুন্দরভাবে ও সামর্থ্যবান হিসেবে তুলে ধরতে চাই।”
বিজ্ঞাপন
মেলায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানসহ ১০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। এতে ২৪ হাজারের বেশি চাকরিপ্রত্যাশী আবেদন করেন। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








