Logo

দেশে কেউ সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভাজন নেই, সবাই বাংলাদেশি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ অক্টোবর, ২০২৬, ১৭:০২
দেশে কেউ সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভাজন নেই, সবাই বাংলাদেশি
ছবি: সংগৃহীত

বাংলাদেশে কেউ সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। দেশের সব নাগরিকের সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ধর্মীয় পরিচয় বা রাজনৈতিক অবস্থানের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নে একটি গ্রামীণ সড়ক পাকাকরণকাজের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, দিনাজপুর-৬ আসনের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে সব কাঁচা রাস্তা পাকা করার উদ্যোগ নেওয়া হবে। গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এলাকার মানুষের চলাচল সহজ করা এবং স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রসঙ্গে ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ইতোমধ্যে এ কার্ডের জন্য তথ্য সংগ্রহ শুরু হয়েছে। উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে ধর্মীয় পরিচয় কিংবা রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পাবে না। কম্পিউটারভিত্তিক ব্যবস্থার মাধ্যমে উপযুক্ত ব্যক্তিদের নির্বাচন করা হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তার বিষয়েও কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী। সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে পূজা ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান উদ্‌যাপন করতে পারেন, তা নিশ্চিত করতে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা জানান তিনি।

এ সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মন্ত্রী। দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক পরিবেশ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রুবানা তানজিন, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD