২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন। ওই দিন বিকেল ৩টায় নগরের ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম রাজশাহী সফর। তাঁকে স্বাগত জানাতে জনসভাস্থল ও আশপাশের এলাকায় প্রস্তুতি শুরু হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ঐতিহাসিক মাদরাসা মাঠ পরিদর্শন করেন। এ সময় তিনি মাঠের পরিচ্ছন্নতা, দেয়ালে রং করা, মঞ্চ নির্মাণ, সৌন্দর্যবর্ধন এবং আশপাশের সড়ক সংস্কারকাজের অগ্রগতি ঘুরে দেখেন। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের সিদ্ধান্ত নগরবাসীর জন্য আনন্দ ও আবেগের বিষয়। তাঁকে কাছ থেকে দেখতে নগরীর মানুষ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, সফর ও জনসভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। পাশাপাশি বিভাগীয় ও জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সনাতন ধর্মাবলম্বীদের নেতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সফরসূচি অনুযায়ী, ২০ অক্টোবর সামরিক বাহিনীর একটি বিমানে রাজশাহীতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর দেড়টায় তিনি রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এরপর বিকেল ৩টায় ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভায় যোগ দেবেন এবং সেখানে বক্তব্য রাখবেন।
রাজশাহী সফরের আগে একই দিন সকালে সৈয়দপুর বিমানবন্দর হয়ে রংপুরে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে রংপুর ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে তাঁর।
রংপুর ও রাজশাহীর কর্মসূচি শেষে বিকেলে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন তিনি। সেখানে রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
বিজ্ঞাপন
এক দিনের এই সফরে দেশের তিনটি বিভাগে গিয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তারেক রহমান। সফর ঘিরে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ও আয়োজনের প্রস্তুতি জোরদার করা হচ্ছে।








