হকারদের নিয়ে নতুন সিদ্ধান্ত জানালেন ডিএনসিসি প্রশাসক

রাজধানীর মিরপুর-১ ও মিরপুর-১০ এলাকার ফুটপাতে হকারদের আর বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তবে উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনে বিকল্প জায়গা খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
সোমবার (২ নভেম্বর) ডিএনসিসির প্রশাসক সম্মেলনকক্ষে বাংলাদেশ হকার্স ইউনিয়নের ১০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান প্রশাসক। বৈঠকে মিরপুরসহ বিভিন্ন এলাকায় উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের দাবিতে স্মারকলিপি দেন প্রতিনিধিরা।
শফিকুল ইসলাম খান বলেন, “হকাররা আমাদের অংশ।” মিরপুর-১, মিরপুর-১০ ও উত্তরায় হকারদের জন্য নির্দিষ্ট বিকল্প জায়গা খোঁজা হচ্ছে। দ্রুতই তাদের সেখানে বসার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
ডিএনসিসি প্রশাসক বলেন, হকারদের জন্য হলিডে মার্কেট চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। উচ্ছেদ হওয়া হকারদের জন্য এমন মার্কেটের ব্যবস্থা করার চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “আমরা যদি হকারদের জন্য বিকল্প স্থানে তিন থেকে পাঁচ শ দোকান বসার ব্যবস্থা করি, তাহলে ক্রেতারাও সেখানে আসবে এবং কেনাবেচা ভালো হবে।”
আরও পড়ুন
বিজ্ঞাপন
ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও হকারদের উচ্ছেদ প্রসঙ্গে প্রশাসক বলেন, বাধ্য হয়েই এ অভিযান চালানো হয়েছে। তার মতে, কিছু সিন্ডিকেট ও হকারদের দখলদারির কারণে সাধারণ মানুষের হাঁটার জায়গা ছিল না। ফুটপাত ছাড়িয়ে সড়ক পর্যন্ত দখল হয়ে যাওয়ায় মানুষ বুঝতেই পারত না, সেখানে তাদের চলাচলের জন্য ফুটপাত রয়েছে। উচ্ছেদের পর জনগণ ফুটপাতের ব্যবহার সম্পর্কে জানতে পেরেছে এবং অভিযানকে স্বাগত জানিয়েছে বলে দাবি করেন তিনি।
বৈঠকে প্রশাসক ও হকার প্রতিনিধিরা একমত হন, ৫ আগস্টের পর হকারদের কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। আগে যারা হকারি করতেন, তাদের বিকল্প জায়গায় ব্যবসার সুযোগ দেওয়ার ব্যবস্থা করা হবে।
বিজ্ঞাপন
বিকল্প স্থানে হকারদের দোকান কেমন হবে, সে বিষয়েও নির্দেশনা দেন ডিএনসিসি প্রশাসক। তিনি জানান, সেখানে হকারদের নিজস্ব চাকাচালিত দোকান থাকবে; কোনো চৌকি বসানো যাবে না।
সাক্ষাৎকালে গুলশান জোনের ডিসি মো. রুহুল কবির, গুলশান থানার ওসি, বনানী থানার ওসিসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।








