শ্রমিক অসন্তোষ এখন আর নেই, এই আন্দোলনের পেছনে রাজনীতি: নাজমা

গার্মেন্টস শ্রমিকদের নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে চলমান অসন্তোষ ও নাশকতার ঘটনাকে রাজনৈতিক আন্দোলনের অংশ বলে মন্তব্য করেছেন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার। তার দাবি, এসব ঘটনায় প্রকৃত শ্রমিকদের সম্পৃক্ততা নেই।
বিজ্ঞাপন
গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন নিয়ে সোমবার (২ নভেম্বর) প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ কথা বলেন।
নাজমা আক্তার বলেন, মজুরি বোর্ড গঠনের পরও বিভিন্ন স্থানে আন্দোলন ও কারখানা ভাঙচুরের ঘটনা ঘটছে। তবে এসব কর্মকাণ্ডের সঙ্গে প্রকৃত শ্রমিকদের সংশ্লিষ্টতা নেই বলে মনে করেন তিনি।
তিনি বলেন, মিরপুরসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের নাম ব্যবহার করে নানা ঘটনা ঘটানো হচ্ছে। গাজীপুরেও বিভিন্ন পক্ষের সংশ্লিষ্টতায় পরিস্থিতি জটিল হয়ে উঠছে। এসব ঘটনাকে রাজনৈতিক ইন্ধনের অংশ হিসেবে দেখছেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
শ্রমিকদের নাম ব্যবহার করে নাশকতা ও শিল্পকারখানা ভাঙচুরে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান নাজমা আক্তার। তিনি বলেন, ‘শিল্প-কারখানা ধ্বংস করে তো লাভ নেই।’
নাজমা আক্তারের মতে, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ এবং নতুন মজুরি নির্ধারণে সরকার উদ্যোগ নিয়েছে। এ অবস্থায় শিল্পকারখানা ভাঙচুর কিংবা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই।
নতুন মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। নাজমা আক্তার বলেন, সবার মতামতের ভিত্তিতে বোর্ড গঠন করা হয়েছে। দ্রুততম সময়ে বোর্ড গঠনের জন্য সরকারকে ধন্যবাদ জানান তিনি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সরকারকে সহযোগিতা করা হবে এবং দ্রুত নতুন মজুরি ঘোষণা করা প্রয়োজন।








