Logo

শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন, তিনি সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর, ২০২৬, ২১:০৬
শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন, তিনি সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা ও ভূমিকা নিয়ে কটাক্ষ করে তিনি বলেছেন, ‘তিনি এখন শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী নন-তিনি সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে তিনি বলেন, বর্তমান সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায় নিয়ে সালাহউদ্দিন আহমেদের পদত্যাগ করা উচিত। অন্তর্বর্তী সরকারের সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত জননিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে। খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে।

নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এখন শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বেই সীমাবদ্ধ নেই। বিষয়টি নিয়ে সংসদের ভেতরে ও বাইরে তারা কথা বলেছেন। বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে অন্তর্বর্তী সরকারের সময় থেকে বর্তমান সময় পর্যন্ত জননিরাপত্তা পরিস্থিতির অবনতির চিত্রও তুলে ধরেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সরকারের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, অন্তর্বর্তী সরকারের সময় বারবার বলা হয়েছিল, নির্বাচিত সরকার দায়িত্ব নিলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু বাস্তবে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

বিজ্ঞাপন

তার অভিযোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার পথে বিএনপি নিজেই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। দলটির অভ্যন্তরীণ কোন্দল, চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারিত্বের কারণে প্রশাসন কার্যত অসহায় হয়ে পড়েছে। বিএনপি প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারছে না। এর ফলে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

দেশে মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হওয়ার অভিযোগও করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সাংবাদিকদের ওপর গুলি চালানো হয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে তারা হামলার শিকার হয়েছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করে পোস্ট দেওয়ার কারণে প্রায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অধিকাংশের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এলেও দেশ পরিচালনায় পুরোনো কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী কৌশলের প্রতিফলন দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

চলমান শ্রমিক আন্দোলন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আন্দোলনের শুরু থেকেই এনসিপি শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে আসছে। বর্তমান পরিস্থিতিতে ১২ হাজার ৫০০ টাকা মজুরিতে একজন শ্রমিকের পক্ষে জীবনযাপন করা কঠিন। জাতীয় পে-স্কেল বৃদ্ধির পাশাপাশি গ্যাস ও জ্বালানির দাম এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বেড়েছে। সব মিলিয়ে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে যাওয়ায় শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক।

তিনি অভিযোগ করেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সরকার যথাযথ গুরুত্ব দেয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলনকে শ্রমিকদের দাবি আদায়ের কর্মসূচি হিসেবে না দেখে দুর্বৃত্তদের নাশকতা ও অশান্তি সৃষ্টির ঘটনা হিসেবে তুলে ধরতে চাইছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী শক্তি শ্রমিক আন্দোলনকে কাজে লাগিয়ে সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে। তারাও এ ধরনের অপচেষ্টার বিরোধী। তবে এমন পরিস্থিতি তৈরির সুযোগ সরকার নিজেই সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন তিনি।

তার ভাষ্য, সরকার শুরুতেই শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসে আন্তরিকতার সঙ্গে তাদের দাবি বিবেচনা করলে পরিস্থিতি এত দূর গড়াত না। এমনকি একজন শ্রমিকেরও প্রাণহানির ঘটনা ঘটত না।

বিজ্ঞাপন

সরকারের দমন-পীড়নমূলক নীতির সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে শ্রমিক আন্দোলন থামানো সম্ভব হবে না। অবিলম্বে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিয়ে তাদের আস্থা ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে শ্রমিকদের শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়া এবং দেশের তৈরি পোশাকশিল্প রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ করেন।

এ ছাড়া গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সরকারের ব্যাখ্যার সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। আন্তর্জাতিক জ্বালানি সংকটের কথা তুলে ধরে সরকার বারবার মূল্যবৃদ্ধির পক্ষে যুক্তি দেখাচ্ছে উল্লেখ করে তিনি বর্তমান সরকারকে ‘অজুহাতের সরকার’ বলে আখ্যায়িত করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD