তেল-গ্যাসের দাম কমানোসহ নানা দাবিতে চট্টগ্রামে এনসিপির মশাল মিছিল

তেল ও গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, শ্রমিক হত্যা ও হামলার বিচারসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরের আগ্রাবাদ মোড় থেকে মিছিলটি শুরু হয়। এনসিপি চট্টগ্রাম ও দলটির অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত মিছিলটি চৌমুহনী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘গ্যাসের দাম কমিয়ে দে, নইলে গদি ছাইড়া দে’সহ বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে শ্রমিক হত্যা ও হামলার বিচার, তেল-গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং এনসিপি নেতাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচার বন্ধের দাবি জানান তারা।
চট্টগ্রাম মহানগর যুবশক্তির আহ্বায়ক বখতিয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন মহানগর এনসিপির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান রোহান।
সমাবেশে বক্তব্য দেন মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়ক ওসমান গনি, যুগ্ম সদস্যসচিব ইকবাল মাসুদ, সাদিয়া আফরিন ও সরওয়ার কামাল, কোষাধ্যক্ষ এমদাদ হোসেন এবং খুলশী থানা এনসিপির সদস্যসচিব সাকিব মিয়াজিসহ দলের অন্যান্য নেতারা।
বিজ্ঞাপন
বক্তারা অভিযোগ করেন, দেশে বর্তমানে চরম অরাজকতা চলছে। একদিকে তেল-গ্যাসের দাম বাড়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, অন্যদিকে ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলন করতে গিয়ে শ্রমিকেরা হত্যার শিকার হচ্ছেন। শ্রমিক সংগঠনের নেতাদের ওপর হামলা এবং এনসিপি নেতাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আন্দোলন দমনের চেষ্টা চলছে বলেও দাবি করেন তারা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ সময় শ্রমিক হত্যা ও হামলার ঘটনায় জড়িতদের বিচার এবং জনস্বার্থে তেল-গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের আহ্বান জানান বক্তারা।
সমাবেশে এনসিপি নেতা এ কে এম জিয়াউদ্দিন রনির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়েও কথা বলেন তারা। বক্তাদের দাবি, জিয়া রনির সবচেয়ে বড় ভুল এনসিপিতে যোগ দেওয়া। তিনি বিএনপিতে যোগ দিলে তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হতো।
বিজ্ঞাপন
বক্তারা আরও অভিযোগ করেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত জসিম উদ্দীনকে বিএনপি মনোনয়ন দিয়ে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য করেছে। অথচ তারাই অন্যদের নিয়ে সমালোচনা করছে।
তাদের দাবি, ওয়াসিম আহত হওয়ার দিন জিয়া রনি বাংলাদেশে অবস্থান করছিলেন না। মশাল মিছিলে এনসিপি ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিল ও সমাবেশ থেকে শ্রমিক হত্যা এবং দেশে অরাজকতা বন্ধের দাবি জানান তারা।








