আপনারা নতুন করে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবেন না: জাবের

নতুন করে আওয়ামী লীগের রাজনীতি শুরু করার চেষ্টা না করতে সংশ্লিষ্টদের সতর্ক করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের। তিনি বলেছেন, ‘আপনারা নতুন করে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবেন না। আর আপনারা আওয়ামী লীগ হতে পারবেন না। আওয়ামী লীগ হওয়ার জন্যও মেধা লাগে, সেই মেধা আপনাদের নেই।’
বিজ্ঞাপন
বুধবার (৪ নভেম্বর) বিকেলে রাঙামাটিতে ইনকিলাব মঞ্চের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির পথসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আবদুল্লাহ আল জাবের বলেন, ‘আওয়ামী লীগ গুম, খুন ও হত্যার যে রাজনীতি করে গেছে, সেই রাজনীতি আমরা নতুন করে শুরু করতে দেব না। আমরা যদি এখনো সতর্ক না হই, অন্যায় ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে না পারি, তাহলে আগামী দিনে আমাদের লাশ রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, কুকুর শিয়ালে খাবে।’
তৈরি পোশাকশ্রমিকদের সাম্প্রতিক আন্দোলন প্রসঙ্গেও সরকারের কঠোর সমালোচনা করেন তিনি। জাবের বলেন, ‘শ্রমিকেরা রাস্তায় নেমেছেন, আর আপনারা তাদের ছাত্রলীগের ট্যাগ দিয়ে পিটাচ্ছেন। তাদের ছাত্রলীগের ট্যাগ দিয়ে গুলি করেছেন। শ্রমিকদের ন্যায্য মজুরি অবশ্যই সরকারকে নিশ্চিত করতে হবে।’
বিজ্ঞাপন
দেশের মানুষের বিচার পাওয়ার অধিকার, খাদ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বারবার ব্যর্থ হচ্ছে বলেও অভিযোগ করেন ইনকিলাব মঞ্চের এই নেতা। তাঁর দাবি, বিভিন্ন ক্ষেত্রে প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দিলেও সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সামাজিক ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে আবদুল্লাহ আল জাবের বলেন, ‘আমরা চাই, বাংলাদেশের একজন রিকশাচালক, ভ্যানচালক কিংবা সিএনজিচালক প্রত্যেকেই একজন নাগরিক হিসেবে ন্যায়বিচার পাবেন। পরিবার নিয়ে দুই বেলা দুমুঠো ভাত খেতে পারবেন। চাকরি কিংবা ব্যবসা-বাণিজ্যে কেউ তাদের বাধা দিতে পারবে না।’
এ সময় ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার দাবিও জানান তিনি।
বিজ্ঞাপন
পথসভায় ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতা আদনানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ‘হাদির পাঠশালা’ সংগঠনের আহ্বায়ক কামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম, সদস্যসচিব বুলবুল হোসেনসহ সংগঠনটির অন্য সদস্যরাও কর্মসূচিতে অংশ নেন।








