Logo

বিএনপি রাষ্ট্রীয় দমন-পীড়নের পথে হাঁটছে: নাহিদ ইসলাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর, ২০২৬, ১৭:৩৭
বিএনপি রাষ্ট্রীয় দমন-পীড়নের পথে হাঁটছে: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

দেশে একদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সহিংসতার মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, অন্যদিকে বিএনপি রাষ্ট্রীয় দমন-পীড়নের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর মতে, দুই দলের এমন কর্মকাণ্ডে দেশের সামগ্রিক পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার ৭০ শতাংশ জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে। নির্বাচিত সরকার দায়িত্ব নিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, দলীয় কোন্দল, চাঁদাবাজি, দখলদারি, সন্ত্রাস, রাহাজানি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। সরকার পুরনো ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী পদ্ধতিতে দেশ পরিচালনা করছে। নির্বাচনের আগে এক ধরনের বক্তব্য দেওয়া হলেও ক্ষমতায় আসার পর অবস্থান বদলে গেছে।

বিজ্ঞাপন

চলমান শ্রমিক আন্দোলন প্রসঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, গ্যাস ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো সরকার শুরুতেই মেনে নিলে আন্দোলন এত দূর গড়াত না। এমনকি কোনো শ্রমিকের মৃত্যুর ঘটনাও ঘটত না বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলামের ভাষ্য, শ্রমিকদের গায়েবানা জানাজা একটি ধর্মীয় কর্মসূচি। সেখানেও বাধা দেওয়া হয়েছে। শ্রমিকদের দাবি দ্রুত মেনে নিয়ে তাঁদের মধ্যে সরকারের প্রতি আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। তাঁর মতে, শ্রমিকেরা সরকারের মৌখিক প্রতিশ্রুতিতে আর ভরসা পাচ্ছেন না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনা করেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, বিএনপি বড় রাজনৈতিক দল হলেও আপসকামী। বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী হলেও দলটির অধিকাংশ নেতা আপসের রাজনীতি করেন। আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে আপস করেছেন, এমন ব্যক্তিরাও বিএনপিতে রয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এ কারণে বিএনপির পক্ষে আওয়ামী লীগকে প্রতিহত করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন নাহিদ।

বিজ্ঞাপন

এর আগে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা তৈরির লক্ষ্যে আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাহিদ ইসলাম।

এতে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার আহ্বায়ক, সদস্য সচিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব এবং দপ্তর সম্পাদকেরা অংশ নেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD