Logo

হাদি হত্যায় জাতিসংঘের কাছে তদন্তের প্রস্তাব দেবে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৩
হাদি হত্যায় জাতিসংঘের কাছে তদন্তের প্রস্তাব দেবে সরকার
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে জাতিসংঘের কাছে আনুষ্ঠানিকভাবে তদন্তের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, এই মামলার তদন্তে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের সহায়তা চাওয়ার বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। যত দ্রুত সম্ভব এ প্রস্তাব পাঠানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

একই রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রেস সচিব জানান, অন্তর্বর্তীকালীন সরকার এ ঘটনায় পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তদন্ত প্রক্রিয়ায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

সরকারের এই সিদ্ধান্ত ঘোষণার সময়ই হাদি হত্যার বিচার ও স্বচ্ছ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশি বাধা উপেক্ষা করে সংগঠনটির নেতাকর্মীরা যমুনার দিকে অগ্রসর হন। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবিতে স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

বিজ্ঞাপন

পরদিন ১৯ ডিসেম্বর তার মরদেহ দেশে আনা হয়। ২০ ডিসেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে তাকে দাফন করা হয়।

এ ঘটনায় গুলিবিদ্ধ হওয়ার দুই দিন পর, ১৪ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা করেন। হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD