মার্কিন রাষ্ট্রদূত ঘুরলেন পুরান ঢাকা, চা-বিরিয়ানি উপভোগে মুগ্ধ

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সম্প্রতি স্ত্রী ডিয়ানকে সঙ্গে নিয়ে পুরান ঢাকার ঐতিহ্যবাহী অলিগলি ঘুরে দেখেন। প্রাচীন স্থাপত্যশৈলী, প্রাণবন্ত সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে পরিচয় পেয়ে তারা মুগ্ধ হয়েছেন।
বিজ্ঞাপন
রাষ্ট্রদূতের এই সফর শুরু হয় মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন লালবাগ কেল্লা পরিদর্শন দিয়ে। বিশেষ করে কেল্লার হাম্মামখানা (তৎকালীন রাজকীয় স্নানাগার) ঘুরে দেখেন তারা। লালবাগ কেল্লার সংস্কার ও সংরক্ষণে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন গুরুত্বপূর্ণ সহায়তা করেছে। পুনরুজ্জীবিত এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে রাষ্ট্রদূত অনুপ্রাণিত হন।
লালবাগ কেল্লা পরিদর্শনের পর তারা যান সপ্তদশ শতাব্দীর ঐতিহাসিক হোসেনী দালানে। কিছুক্ষণ সেখানে থাকার পর পুরান ঢাকার গলিপথে হেঁটে শহরের জীবন্ত রঙ ও মানুষের দৈনন্দিন জীবনধারা নিকট থেকে দেখেন।
বিজ্ঞাপন
সফরের শেষ পর্যায়ে তারা স্থানীয় খাবারও উপভোগ করেন। রাস্তার ধারে পাওয়া বিখ্যাত মসলা চা এবং পুরান ঢাকার ঐতিহ্যবাহী সুস্বাদু বিরিয়ানি দিয়ে রসনাবিলাস সম্পূর্ণ করেন ক্রিস্টেনসেন দম্পতি।
পুরান ঢাকার ঐতিহ্য, সংস্কৃতি ও খাবারের সমন্বয়ে রাষ্ট্রদূতের এই সফর ছিল আনন্দদায়ক ও শিক্ষণীয়।








