রাজধানীতে ৭ বছরের শিশুকে গলাকেটে হত্যা

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছর বয়সী এক শিশুকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবী থানাধীন সেকশন–১১-এর ব্লক বি এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
নিহত শিশুর নাম লামিসা (৭)। তার বাবার নাম আব্দুল হান্নান মোল্লা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৯টার দিকে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল (৩২) শিশুটিকে হত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পল্লবী থানা পুলিশ, সিআইডি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হন।
বিজ্ঞাপন
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, ঘটনাটি সকালে ঘটেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। সোহেল নামে এক ব্যক্তি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।








