Logo

ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ মে, ২০২৬, ১৮:০৬
ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মেট্রোরেল চলাচল শুধুমাত্র ঈদের দিন বন্ধ থাকবে। আর এদিন ছাড়া ঈদের ছুটিতে বাকি দিনগুলোতে কখন মেট্রোরেল চলবে, এ নিয়ে বিশেষ সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ মে) ডিএমটিসিএল জানিয়েছে, ঈদের ছুটির দিনে উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে ছেড়ে যাবে, আর মতিঝিল থেকে প্রথম ট্রেন চলবে সকাল ৭টা ১৫ মিনিটে। উত্তরা উত্তর থেকে সর্বশেষ ট্রেন চলবে রাত ৯টা ৩০ মিনিটে, এবং মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যাবে।

এই সময় ট্রেনের হেডওয়ে থাকবে ১২ থেকে ১৫ মিনিটের মধ্যে। প্রতিদিন আনুমানিক ১৪০টি ট্রিপ পরিচালনা করা হবে এবং ৭টি ট্রেন সেট চলাচল করবে। যাত্রীচাপ অনুযায়ী ট্রিপ সংখ্যা বাড়ানো বা কমানো হতে পারে। তবে এই সময়সূচি শুক্রবার প্রযোজ্য হবে না।

বিজ্ঞাপন

ডিএমটিসিএল আরও জানায়, সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট ক্রয় করা যাবে। একইসঙ্গে এমআরটি/র‍্যাপিড পাস টপআপ সুবিধাও চালু থাকবে। আর শুক্রবার উত্তরা উত্তর স্টেশন থেকে বেলা ২টা ৪৫ মিনিট এবং মতিঝিল স্টেশন থেকে বেলা ৩টা ৫ মিনিট থেকে সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি শুরু হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD