আনসারের অভিযানে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে দালাল আটক

রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) থেকে দালালির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের আওতাধীন শেরেবাংলা নগর থানার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের জরুরি বিভাগের সামনে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আনসার সদস্যরা দেখতে পান, এক ব্যক্তি বিভিন্ন প্রলোভন দেখিয়ে এক রোগীকে হাসপাতালের বাইরে একটি বেসরকারি ক্লিনিকে নেওয়ার উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে তোলার চেষ্টা করছেন। বিষয়টি দায়িত্বরত প্লাটুন কমান্ডার (পিসি) মো. আবু সাইদের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন।
বিজ্ঞাপন
পরে জরুরি পার্কিং এলাকায় দায়িত্বরত আনসার সদস্য মো. ওবায়দুলের সহযোগিতায় আটক ব্যক্তিকে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। আটক ব্যক্তির নাম জাকির হোসেন (৪৫)। হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশক্রমে পরবর্তীতে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।








