ফরিদপুর নির্বাচন অফিসে আনসার সদস্যের তৎপরতায় দালাল আটক

ফরিদপুর সদর উপজেলা নির্বাচন অফিসে দায়িত্ব পালনরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সদস্যের তাৎক্ষণিক তৎপরতায় এক সন্দেহভাজন দালাল আটক হয়েছেন। পরে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদপুর সদর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলা নির্বাচন অফিস প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচন অফিসে দায়িত্বে থাকা আনসার-ভিডিপির ২২ নম্বর ওয়ার্ড দলনেতা মো. আরিফুল ইসলাম অফিস প্রাঙ্গণে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। তার চলাফেরা ও আচরণে অসংগতি লক্ষ্য করে তিনি সতর্কতার সঙ্গে নজরদারি শুরু করেন। একপর্যায়ে ওই ব্যক্তি সরে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করেন।
আটক ব্যক্তির নাম মো. ফরিদ মোল্লা (৪২)। তিনি ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামের বাসিন্দা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঘটনার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে নির্বাচন অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবহিত করা হয়। পরে তাদের নির্দেশনায় আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ফরিদপুর সদর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নির্বাচন অফিস সংশ্লিষ্টরা জানান, সরকারি সেবা গ্রহণে আগত মানুষের হয়রানি রোধ, দালালচক্রের অপতৎপরতা প্রতিরোধ এবং অফিসের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় দায়িত্বে থাকা আনসার সদস্যের পেশাদারিত্ব, সতর্কতা ও তাৎক্ষণিক পদক্ষেপ সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা এবং জনসেবার স্বচ্ছতা নিশ্চিতকরণে বাহিনীর কার্যকর ভূমিকার আরেকটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।








