রাজধানীতে যুবদল নেতাকে ডেকে নিয়ে কুপিয়ে জখম

রাজধানীর মহাখালীতে তালহা রহমান (৩৩) নামে যুবদলের এক নেতাকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। তিনি মহাখালী ২০ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে আহত অবস্থায় তালহাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসা শেষে বর্তমানে তিনি নিজ বাসায় রয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তালহা মহাখালী রসুলবাগ এলাকার হাফিজুর রহমানের ছেলে। তার ছোট ভাই মো. মুয়াম্মার রহমান জানান, রাত আনুমানিক পৌনে ১০টার দিকে মোবাইল ফোনে কল করে তালহাকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী এসএ পরিবহণ ও এ বিএম পাম্পের মধ্যবর্তী একটি গলিতে ডেকে নেওয়া হয়।
মুয়াম্মার রহমানের ভাষ্য, ‘সেখানে পৌঁছামাত্রই পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। হামলার পর ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরে স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে রক্তাক্ত তালহাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১২টা ১৫ মিনিটের দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
হামলার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছেন তালহার ভাই। পরিবারের পক্ষ থেকে বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।








