এনআরবিসি ব্যাংকের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে এবং লিড ব্যাংক হিসেবে এনআরবিসি ব্যাংকের উদ্যোগে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬।
বিজ্ঞাপন
শনিবার (২০ জুন) সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে ‘আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ লেনদেন’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে দেশের ৩৫টি ব্যাংক অংশ নেয়।
শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণের লক্ষ্য নিয়ে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিরাজগঞ্জের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাইয়ুম খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা। এছাড়া অনলাইনের মাধ্যমে যুক্ত হন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের রাজশাহী অঞ্চলের প্রধান অসীম কুমার দাস, সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক উদয় কুমার দত্তসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও প্রতিনিধিরা। সম্মেলনে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে গণপতি রায় বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে। তাই শিক্ষাজীবন থেকেই অর্থনীতি ও ব্যাংকিং সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। তিনি বলেন, আর্থিক সাক্ষরতা কর্মসূচির মাধ্যমে দেশের প্রাতিষ্ঠানিক অর্থনৈতিক কাঠামো আরও শক্তিশালী হচ্ছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা বলেন, শিক্ষার্থীদের ব্যাংকিং সেবার আওতায় আনতে স্কুল ব্যাংকিং কার্যক্রম চালু করা হয়েছে। প্রয়োজনীয় নীতিমালার মাধ্যমে বিনা খরচে শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলার সুযোগ দেওয়া হয়েছে। বর্তমানে দেশের ৬১টি ব্যাংকের মধ্যে ৫৯টি ব্যাংক শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যাংকিং সেবা দিচ্ছে। চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিক শেষে শিক্ষার্থী ব্যাংক হিসাবের সংখ্যা প্রায় ৬২ লাখ ৭৩ হাজারে পৌঁছেছে। এসব হিসাবে জমাকৃত অর্থের পরিমাণ প্রায় ২ হাজার ৯১০ কোটি টাকা।
অনলাইনে দেওয়া বক্তব্যে ড. মো. তৌহিদুল আলম খান বলেন, প্রযুক্তির অগ্রগতির ফলে ব্যাংকিং সেবা এখন মানুষের হাতের নাগালে পৌঁছে গেছে। শিক্ষার্থীরা ঘরে বসেই বিভিন্ন ডিজিটাল সেবার মাধ্যমে ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারছে। তাদের সঞ্চয়ে উৎসাহিত করা এবং আধুনিক চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেবা প্রদানে এনআরবিসি ব্যাংক কাজ করে যাচ্ছে।
বিজ্ঞাপন
সভাপতির বক্তব্যে মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এনআরবিসি ব্যাংক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ব্যাংকিং সেবা প্রদান করছে। পাশাপাশি দেশে ও বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও পরামর্শমূলক সেবাও দেওয়া হচ্ছে। তিনি জানান, ব্যাংকের দেশব্যাপী প্রায় ৫০৯টি শাখা ও উপশাখার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ব্যাংকিং সুবিধা এবং শিক্ষা সহায়ক সেবা অব্যাহত রয়েছে।








