কর্মক্ষেত্রে ঝুঁকি মোকাবিলায় এলজিইডির প্রশিক্ষণ কর্মশালা

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রকল্প (ক্রিম্প)-এর উদ্যোগে ‘পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষাবিষয়ক কর্মপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
গত ৫ ও ৬ জুলাই এলজিইডি সদর দপ্তরের আরডিইডি ভবনে এ কর্মশালার উদ্বোধন করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক)-এর পরিচালক মো. আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবসম্পদ, পরিবেশ ও জেন্ডার শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ছয়ফুদ্দীন। কর্মশালার প্রেক্ষাপট ও উদ্দেশ্য তুলে ধরেন ক্রিম্প প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক।
প্রশিক্ষণে মূল প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কেএফডব্লিউ-এর পরামর্শক সেবাস্তিয়েন ফ্রাওনেট। এ সময় কেএফডব্লিউ-এর আরবান পোর্টফোলিও সমন্বয়ক শেখ তৌহিদুর রহমানও উপস্থিত ছিলেন।
কর্মশালায় পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা ব্যবস্থার গুরুত্ব, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার কৌশল, কর্মক্ষেত্রের ঝুঁকি শনাক্তকরণ, ঝুঁকি মূল্যায়ন ও নিয়ন্ত্রণ, জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা কার্যক্রমের অগ্রগতি মূল্যায়নের জন্য কার্যসম্পাদন সূচক নির্ধারণের বিষয়ও উপস্থাপন করা হয়। ব্যবহারিক অনুশীলন, অংশগ্রহণকারীদের উপস্থাপনা ও মতবিনিময়ের মাধ্যমে আলোচিত বিষয়গুলোর বাস্তব প্রয়োগ নিয়েও বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
প্রশিক্ষণ কর্মশালায় ভোলা, বরগুনা ও সাতক্ষীরা জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী, ডিএসএম পরামর্শক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বিভিন্ন প্রকল্পে কর্মরত সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এছাড়া ক্রিম্প ও ক্রিলিকের বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীরাও কর্মশালায় অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মো. আজহারুল ইসলাম বলেন, এলজিইডি তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত দেশের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিদিন প্রকৌশলী ও মাঠপর্যায়ের কর্মীরা নানা ধরনের ঝুঁকিপূর্ণ পরিবেশে দায়িত্ব পালন করেন। তাই নির্মাণ প্রকল্পে প্রকৌশলী ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু দায়িত্ব নয়, এটি একটি নৈতিক ও পেশাগত অঙ্গীকার।
তিনি আরও বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কেবল তাত্ত্বিক পর্যায়ে সীমাবদ্ধ না রেখে নিজ নিজ প্রকল্প ও কর্মক্ষেত্রে প্রস্তুত করা পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষাবিষয়ক কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
বিজ্ঞাপন
কর্মশালায় ডিএসএম পরামর্শক প্রতিষ্ঠানের ডেপুটি টিম লিডার মো. মোকসেদ আলম, প্রশিক্ষণ বিশেষজ্ঞ বান্দা হাফিজ এবং গণমাধ্যম ও যোগাযোগ বিশেষজ্ঞ সৈয়দ মাহবুব আহসান উপস্থিত ছিলেন।








