আপিল খারিজ, মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পাওয়ার আইনি চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। তার দায়ের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে তিনি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে সংশ্লিষ্ট আইনজীবীরা নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অপরদিকে প্রতিপক্ষ হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।
বিজ্ঞাপন
এর আগে ঋণ খেলাপির অভিযোগ তুলে মুন্সীর মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন একই আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ। অভিযোগ পর্যালোচনা শেষে গত ১৭ জানুয়ারি বিকেলে নির্বাচন কমিশন (ইসি) ঋণ খেলাপির কারণ দেখিয়ে কুমিল্লা–৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।
নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে মুন্সী হাইকোর্টে রিট আবেদন করেন। তবে গত ২১ জানুয়ারি হাইকোর্ট সরাসরি তার রিট খারিজ করে দেন। এরপর তিনি আপিল বিভাগে আবেদন করলে সেখানেও তার আবেদন নাকচ হয়।
বিজ্ঞাপন
সবশেষ আপিল খারিজ হওয়ায় আইনগতভাবে তার নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ হয়ে গেছে।







