Logo

প্রেমিকার ‘যৌন নিপীড়ন’ মামলায় কারাগারে গায়ক জাহিদ অন্তু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ এপ্রিল, ২০২৬, ২১:০৬
প্রেমিকার ‘যৌন নিপীড়ন’ মামলায় কারাগারে গায়ক জাহিদ অন্তু
ছবি: সংগৃহীত

ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় তরুণ সংগীতশিল্পী আবু জাহিদ ওরফে জাহিদ অন্তুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত এ আদেশ দেন।

বিজ্ঞাপন

মামলার কার্যক্রম সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারের পর জাহিদ অন্তুকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে একই দিনে সকালে রাজধানীর গুলশান এভিনিউ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন তদন্ত কর্মকর্তা। পরে তাকে আদালতে তোলা হয়।

বিজ্ঞাপন

মামলার অভিযোগ অনুযায়ী, গত বছর টিএসসিতে গিটার শেখার একটি ক্লাসে ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে জাহিদ অন্তুর পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন পর সম্পর্কের অবনতি ঘটে এবং যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে একটি পণ্যের ফটোশুটের কথা বলে পুনরায় যোগাযোগ করেন জাহিদ। গত ২৭ মার্চ সন্ধ্যায় হোয়াটসঅ্যাপে কথা বলে তাকে নিজের গুলশানের বাসায় যেতে বলেন তিনি।

অভিযোগে বলা হয়, ওই শিক্ষার্থী সন্ধ্যায় জাহিদের বাসায় গেলে সেখানে তার ওপর যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির ঘটনা ঘটে। বাধা দিলে তাকে মারধর করা হয়, এতে তার মুখ, গলা ও মাথায় আঘাত লাগে। পরে কৌশলে বাসা থেকে বের হয়ে তিনি স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

বিজ্ঞাপন

ঘটনার পর ভুক্তভোগী নারী শিক্ষার্থী গুলশান থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে তদন্ত করে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত গায়ককে। আদালতের আদেশের পর বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD