হামের প্রকোপ না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

দেশে হামের সংক্রমণ কমে না আসা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে হামে আক্রান্ত হয়ে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করা হয়। আগামী সপ্তাহে এ বিষয়ে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে শুনানি হতে পারে বলে জানা গেছে।
এর আগে বুধবার (১ এপ্রিল) ২৪ ঘণ্টার মধ্যে শিশুদের জন্য হামের টিকা নিশ্চিত করার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। মানবাধিকারকর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এই নোটিশ দেন।
বিজ্ঞাপন
নোটিশটি স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়। এতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে টিকার সংকটের কারণে দেশের বিভিন্ন স্থানে শিশুদের মধ্যে হামের সংক্রমণ বাড়ছে এবং হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঘটনাও ঘটছে। অথচ এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেয়নি।
নোটিশে হামে আক্রান্ত শিশুদের মৃত্যু ও অসুস্থতার বিষয়ে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনও সংযুক্ত করা হয়। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী রিট দায়েরের কথা জানানো হয়েছিল।








