Logo

সুপ্রিম কোর্ট সচিবালয়ের অবকাঠামো না সরানোর প্রত্যাশা হাইকোর্টের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ এপ্রিল, ২০২৬, ১৯:১২
সুপ্রিম কোর্ট সচিবালয়ের অবকাঠামো না সরানোর প্রত্যাশা হাইকোর্টের
ছবি: সংগৃহীত

বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত রায়ের বিরুদ্ধে করা আপিল চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ বিষয়ে দায়ের করা রিটের শুনানি স্থগিত রেখেছেন হাইকোর্ট। একইসঙ্গে আপিলের রায় না আসা পর্যন্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ের বর্তমান অবকাঠামো যেভাবে আছে, সেভাবে রাখার বিষয়ে সরকারের প্রতি প্রত্যাশা জানিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার (২০ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের প্রাথমিক শুনানিতে এ মন্তব্য করেন।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

বিজ্ঞাপন

এর আগে, অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়। রিটে ওই সচিবালয় বহাল রাখার দাবি জানানো হয়েছে।

জনস্বার্থে করা এই রিটে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাদ্দাম হোসেনসহ মোট সাতজন আইনজীবী আবেদনকারী হিসেবে যুক্ত হন। মামলায় মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব এবং আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৯ এপ্রিল জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত তিনটি অধ্যাদেশ বাতিল করা হয়। বিরোধী দলের আপত্তি উপেক্ষা করে বিলগুলো পাস হয়। এর ফলে বিচার বিভাগ আগের কাঠামোয় ফিরে যাওয়ার প্রক্রিয়া শুরু হয় এবং বিচারক নিয়োগে পূর্ববর্তী আইনি ব্যবস্থাই কার্যকর থাকার সম্ভাবনা তৈরি হয়।

প্রসঙ্গত, এর আগে হাইকোর্ট পৃথক সচিবালয় গঠনের পক্ষে রায় দিয়েছিলেন। তবে সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলের উদ্যোগ নিয়েছে, যা এখন আপিল বিভাগের বিবেচনায় রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD