ই-সিগারেট নিষিদ্ধ কেন নয়, জানতে চাইলেন হাইকোর্ট

জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিবেচনায় দেশে ই-সিগারেটের ব্যবহার ও বাজারজাতকরণ কেন নিষিদ্ধ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য, শ্রম, অর্থ, বাণিজ্য ও আইন সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের এ বিষয়ে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২৯ জুন) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যরিস্টার শামীম হায়দার পাটোয়ারি ও ব্যারিস্টার নিশাত মাহমুদ।
বিজ্ঞাপন
আদেশের পর আইনজীবী নিশাত মাহমুদ বলেন, বিশ্বস্বাস্থ্য সংস্থা ই-সিগারেটকে মাদকদ্রব্য হিসেবে গণ্য করেছে। বাংলাদেশের আইন অনুযায়ী ই-সিগারেট বিক্রি বা ব্যহারের কোন অনুমতি নাই। তবে, সরকার রাজস্ব পেতে এটিকে পণ্য হিসেবে বাজারজাত করার অনুমতি দেওয়ার উদ্যোগ নিয়েছে। কিন্তু তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ীও ই-সিগারেট ব্যবহারের সুযোগ নেই। তাই জনস্বাস্থ্যের হুমকি বিবেচনায় দেশে ই-সিগারেটের ব্যবহার নিষিদ্ধ করতে রিট করেছি। ওই রিটের শুনানি শেষে আদালত রুল জারি করেছেন।
এর আগে গত ১৭ জুন সাইফুদ্দিন আহমেদ, এ কে এম মাসুদ এবং হেলাল নামে তিন ব্যক্তি দেশে ই-সিগারেটের ব্যবহার ও বাজারজাতকরণ নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন। ওই রিটে স্বাস্থ্য সচিব, শ্রম সচিব, অর্থ সচিব, বাণিজ্য সচিব, আইন সচিবসহ মোট নয়জনকে বিবাদী করা হয়।
বিজ্ঞাপন








