Logo

বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ জুন, ২০২৬, ১১:২৮
বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না
ছবি: সংগৃহীত

ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম-৪ আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে তার নির্বাচনের ফলাফলও প্রকাশ করা যাবে না বলে আদালত জানিয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এ রায় দেন। এর আগে ১৫ জুন শুনানি শেষে রায় ঘোষণার জন্য ৩০ জুন দিন নির্ধারণ করা হয়েছিল।

আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকীর পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।

বিজ্ঞাপন

আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

ঋণ খেলাপির অভিযোগ থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন গত ১৮ জানুয়ারি বৈধ ঘোষণা করা হয়।

সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ব্যাংকের করা রিট হাইকোর্ট খারিজ করে দিলে ব্যাংক কর্তৃপক্ষ পরে আপিল বিভাগে আবেদন করে।

বিজ্ঞাপন

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন। ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন।

ফলে আসলাম চৌধুরী নির্বাচন করার সুযোগ পান। কিন্তু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত থাকবে এবং ফলাফল প্রকাশ হবে না বলে আদেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

পরবর্তীতে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী জয়ী হন। তবে আদালতের নির্দেশনার কারণে তার নির্বাচনী ফলাফল এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD