Logo

ইকরার মৃত্যুর মামলা: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন আলভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ জুন, ২০২৬, ১৫:১১
ইকরার মৃত্যুর মামলা: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন আলভী
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে স্ত্রী ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া আত্মহত্যায় প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া, ওরফে জাহের আলভীকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ। তদন্তের স্বার্থে রিমান্ডে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে আদালতে জানিয়েছে তদন্ত সংস্থা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ জুন) মামলার তদন্ত কর্মকর্তা, গোয়েন্দা পুলিশের মিরপুর জোনাল দলের পরিদর্শক আব্দুল মালেক আলভীকে আদালতে হাজির করে তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন।

আবেদনে বলা হয়, গত ২৮ জুন স্বাস্থ্য পরীক্ষা শেষে আলভীকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় মামলার তদন্তে সহায়ক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। প্রাথমিক অনুসন্ধানে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কিছু তথ্যও মিলেছে বলে আবেদনে উল্লেখ করা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখা প্রয়োজন বলেও আদালতকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গত বুধবার (২৪ জুন) এ মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেন আলভী। শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ডিবি পুলিশ। অন্যদিকে, গত ৪ জুন আরেক আসামি আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করে জামিন পান।

মামলার নথি অনুযায়ী, গত ১ মার্চ বেলা পৌনে ১২টার দিকে মিরপুরের বাসা থেকে ইকরাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্বজনরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পরে পুলিশ খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করাসহ বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

এদিকে ইকরার আত্মহত্যার ঘটনায় শনিবার রাতেই মামলা করেন তার মামা শেখ তানভীর আহমেদ। মামলার অপর আসামি হলেন- আলভীর মা নাসরিন সুলতানা শিউলি। দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই’ তার ভাগনি ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন’ বলে মামলায় অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD