Logo

তনু হত্যা মামলায় হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ আগস্ট, ২০২৬, ১৮:৪২
তনু হত্যা মামলায় হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ
ছবি: সংগৃহীত

কুমিল্লার আলোচিত কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলার একমাত্র গ্রেফতার হওয়া আসামি ও সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানের জামিন বাতিল করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে গত ২ আগস্ট হাইকোর্টে শুনানি শেষে বিচারপতি জাকির আহমেদ ও বিচারপতি সাথিকা হোসাইনের সমন্বয়ে গঠিত বেঞ্চ হাফিজুর রহমানকে জামিন দেন। ওই আদেশের পর ৪ আগস্ট সন্ধ্যায় তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

বিজ্ঞাপন

তবে জামিনে মুক্তির বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এরপর রাষ্ট্রপক্ষ হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বাতিলের আবেদন নিয়ে আপিল বিভাগের চেম্বার আদালতের দ্বারস্থ হয়।

রাষ্ট্রপক্ষের আবেদনের পর শুনানি শেষে আদালত হাফিজুর রহমানের জামিন বাতিল করেন। পাশাপাশি তাকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশ অমান্য করলে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে হাজির করবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

উল্লেখ্য, দীর্ঘ প্রায় এক দশক তদন্তের পর চলতি বছরের ২২ এপ্রিল রাতে রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় নিজ বাসা থেকে হাফিজুর রহমানকে গ্রেফতার করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরদিন তাকে কুমিল্লার আদালতে হাজির করা হলে জিজ্ঞাসাবাদের স্বার্থে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছিল।

বিজ্ঞাপন

সোহাগী জাহান তনু হত্যা মামলাটি দেশের বহুল আলোচিত মামলাগুলোর একটি। দীর্ঘ সময়েও মামলার বিচারিক অগ্রগতি এবং তদন্ত নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। সর্বশেষ জামিন বাতিল ও আত্মসমর্পণের নির্দেশের মধ্য দিয়ে মামলাটি আবারও নতুন করে আলোচনায় এসেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD