সালমান শাহ হত্যা মামলা: ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিজ্ঞাপন
এর আগে ডনকে জামিনে মুক্তি দিলে মামলার তদন্তে বিঘ্ন ঘটতে পারে এবং তিনি আবারও আত্মগোপনে চলে যেতে পারেন—এমন আশঙ্কার কথা জানিয়ে তাকে জেলহাজতে রাখার আবেদন করে সিআইডি। আদালতের আদেশের পর আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।
রবিবার ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে। পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। সেখানে আদালতের হাজতখানায় রাখার পর বিকেলে তাকে আদালতে হাজির করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সিআইডির পক্ষ থেকে আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, আশরাফুল হক ডন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে পুলিশ হেফাজতে নিয়ে মামলার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছিল। জামিনে মুক্তি পেলে তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি তিনি পুনরায় পলাতক হতে পারেন বলে আশঙ্কা করছে তদন্ত সংস্থা। এ কারণে তার জামিনের বিরোধিতা করে তাকে কারাগারে রাখার আবেদন করা হয়।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে এজাহারভুক্ত অন্যান্য আসামি ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেন।
মামলাটির তদন্ত বর্তমানে সিআইডিতে চলমান। এরই মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আটবার পিছিয়েছে। সর্বশেষ আগামী ৩০ আগস্ট তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য করেছেন আদালত।








