Logo

আবারও পেছালো সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

profile picture
বিনোদন প্রতিবেদক
২৩ জুলাই, ২০২৬, ১৪:৪৫
আবারও পেছালো সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
ছবি: সংগৃহীত

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন, যিনি সালমান শাহ নামে পরিচিত, তার মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৩০ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ জুলাই) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত থাকলেও তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেননি। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ হিসেবে ৩০ আগস্ট ধার্য করেন।

আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২০ মে সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে তার মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে ২৪ মে আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং ময়নাতদন্তের অনুমতি দেন।

বিজ্ঞাপন

তবে ওই আদেশ বাতিলের আবেদন করেন বাদীপক্ষ। আদালত আবেদনটি নথিভুক্ত করে পরবর্তী কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে ২২ জুন সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে দেহাবশেষ উত্তোলনের প্রক্রিয়ায় সিলেট জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ-সংক্রান্ত অফিস আদেশের অনুলিপি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে তা আদালতের নথিভুক্ত করা হয়।

বিজ্ঞাপন

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর জনপ্রিয় এই চলচ্চিত্র অভিনেতার মৃত্যু হয়। ওই সময় তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই তিনি অভিযোগ করেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে এবং মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের আবেদন জানান।

আদালতের নির্দেশে অপমৃত্যুর মামলার পাশাপাশি হত্যার অভিযোগও তদন্ত করে সিআইডি। ১৯৯৭ সালের ৩ নভেম্বর সংস্থাটি আদালতে দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করে। একই বছরের ২৫ নভেম্বর আদালত সেই প্রতিবেদন গ্রহণ করেন।

পরবর্তীতে সিআইডির প্রতিবেদন চ্যালেঞ্জ করে সালমান শাহর বাবা রিভিশন মামলা করেন। তার মৃত্যুর পর মামলাটি পরিচালনা করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। পরে আদালত বাদীপক্ষের রিভিশন আবেদন মঞ্জুর করে ঘটনাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

এর পর রাজধানীর রমনা থানায় সালমান শাহর স্ত্রী সামীরা হক, তার মা লতিফা হক লিও (লুসি), অভিনেতা আশরাফুল হক ডন, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD